Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো অপারেশনের চেষ্টা, নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধের নির্দেশ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

ভুয়ো অপারেশনের চেষ্টা, নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধের নির্দেশ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: শিশুকন্যার ভুয়ো অস্ত্রোপচারের চেষ্টার অভিযোগে কালিয়াচকের জালালপুরের একটি নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধের নির্দেশ জারি করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। একই সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষকে আর্থিক জরিমানা ও শোকজ করেছে স্বাস্থ্য দপ্তর। 

Advertisement

মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ করে রোগী ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 
প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কালিয়াচকের জালালপুরের একটি নার্সিংহোমকে ‘ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট’ আইন লঙ্ঘন করার জন্য শোকজ করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত ওই নার্সিংহোম কর্তৃপক্ষ রোগী ভর্তি করাতে পারবে না বলেও  নির্দেশিকা জারি হয়।
ইতিমধ্যেই অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষকে পাঁচ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। তাছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্প থেকেও সাসপেন্ড করা হয়েছে বলে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। 
মালদহের মানিকচকের ছয় বছরের এক শিশুকন্যাকে স্থানীয় এক হাতুড়ে ও নার্সিংহোম কর্তৃপক্ষ চক্রান্ত করে অ্যাপেন্ডিক্স অপারেশন করানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। শিশুটির মাকে ইংলিশবাজার শহরের গৌড় রোডের একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকেই মেয়ের ইউএসজি করানোর পরামর্শ দেয় অভিযুক্ত হাতুড়ে। কিন্তু শিশুর মায়ের সন্দেহ হওয়ায় তিনি শহরের এক নামী সংস্থা থেকে মেয়ের ইউএসজি করান। পাশাপাশি তিনি বিষয়টি প্রশাসনকেও জানান। শিশুটির অ্যাপেন্ডিক্সের কোনও সমস্যা নেই বলে জানানো হয় ওই নামী সংস্থা থেকে। কিন্তু মানিকচকের ওই হাতুড়ে নামী সংস্থার ইউএসজি রিপোর্ট দেখতে অস্বীকার করেন এবং শিশুকন্যাকে একপ্রকার জোর করেই কালিয়াচকের ওই নার্সিংহোম থেকে অস্ত্রোপচার করাতে যান। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বিশেষ নজরদারি দল গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। এনিয়ে ‘বর্তমান’ পত্রিকায় খবরও প্রকাশিত হয়। 
সম্প্রতি মালদহের একের পর এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অনিয়মের অভিযোগ সামনে আসছে। 
গত সপ্তাহে ইংলিশবাজার শহরের একটি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিত্সা না করা, পরিকাঠামোগত খামতি সহ নানান অভিযোগ সামনে আসে। তাদেরও শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। 
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন বলেন, মালদহের একাধিক নার্সিংহোমের বিরুদ্ধে স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠছে। আমরা মানুষের চিকিৎসা করতে এসেছি। যেটুকু চিকিৎসা করব, সৎ এবং স্বচ্ছভাবে করব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ