Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সব্জির গাড়িতে গাঁজা পাচারের চেষ্টা, সামশেরগঞ্জে গ্রেপ্তার ৩

সব্জি বোঝাই লরিতে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করে তিন যুবক গ্রেপ্তার করেছে পুলিস। বৃহস্পতিবার রাতে সামশেরগঞ্জের ডাকবাংলা মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিস।

সব্জির গাড়িতে গাঁজা পাচারের চেষ্টা, সামশেরগঞ্জে গ্রেপ্তার ৩
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: সব্জি বোঝাই লরিতে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করে তিন যুবক গ্রেপ্তার করেছে পুলিস। বৃহস্পতিবার রাতে সামশেরগঞ্জের ডাকবাংলা মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিস। গাড়ি থেকে সব্জির মধ্যে লুকানো বস্তায় প্রায় ৪২ কেজি গাঁজা উদ্ধার হয়। তারপরেই পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতরা হল স্বপন সরকার, মনোজ সরকার ও পিন্টু তালুকদার। তাদের প্রত্যেকের বাড়ি আলিপুরদুয়ার জেলার কুমারগঞ্জ থানা এলাকায়। 

Advertisement

সামশেরগঞ্জ থানার পুলিস জানিয়েছে, ধৃতরা ওই গাঁজা আলিপুরদুয়ার থেকে আমদানি করে বহরমপুরের দিকে যাচ্ছিল। ধৃতদের থেকে প্রায় ৪২ কেজি গাঁজা পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হয়। বিস্তারিত জানতে ধৃতদের জেরা করবে পুলিস। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ফরাক্কার দিক থেকে আসা একটি লরিকে ডাকবাংলোয় আটক করে পুলিস। লরিতে বস্তায় থরে থরে সাজানো বেগুন, কুমড়ো, মুলো সহ নানা আনাজ ছিল। সেই বস্তা কলা গাছের পাতা দিয়ে ঢাকা ছিল। কলারপাতা সরিয়ে সব্জির বস্তায় লাঠিরগুঁতো দিতেই ভিতরে শক্ত কিছু রয়েছে বলে অনুমান করে পুলিস। তল্লাশি চালিয়ে সব্জির বস্তা থেকে একটি কালো রঙের বড় ব্যাগ ও একটি সাদা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। তার ভিতরে থাকা প্যাকেটগুলিতে গাঁজা ভর্তি ছিল। পুলিসের চোখে ধুলো দিতেই সব্জির লরিতে গাঁজা পাচারের চেষ্টা করে পাচারকারীরা। সেই চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিস। বাজেয়াপ্ত করা গাঁজা উৎকৃষ্ট মানের হওয়ায় বাজারে প্রচুর চাহিদা রয়েছে। সেগুলির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। 
প্রসঙ্গত, কারবারিরা নেপাল, অসম থেকে মাদক আমদানি করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদহের জাতীয় সড়কে হয়ে মুর্শিদাবাদে ঢোকে। মুর্শিদাবাদ থেকে নদিয়া হয়ে কলকাতা সহ আশেপাশের জেলায় পাচার হয়ে যায়। বর্তমানে জঙ্গিপুর জেলা পুলিসের অ্যান্টি ক্রাইম টিম তৎপর থাকায় কারবারিদের পাকড়াও করতে সমর্থ হচ্ছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ