সংবাদদাতা, বারুইপুর: ডাক্তারের স্টিকার সাঁটানো গাড়িতে করে ওড়িশা থেকে গাঁজা পাচারের চেষ্টা বানচাল হল। গাড়ির পিছনে রাখা প্লাস্টিক থেকে উদ্ধার হয়েছে ১৬৪ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় বারুইপুর-আমতলা রোডের টংতলায় গাড়িটিকে আটকায় বারুইপুর থানার পুলিসের বিশেষ টিম।
এই প্রসঙ্গে সোমবার বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন বলেন, অভিযুক্তরা বারুইপুর থানা এলাকার বাসিন্দা। এরা ওড়িশার বেহরামপুর থেকে প্রায় ১৬৪ কেজি গাঁজা নিয়ে আসছিল পাচারের জন্য। এই গাঁজার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। তাঁদের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা, ৫টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিস জানিয়েছে, বারুইপুরে ধৃতদের নাম রাজু কাজি, ফিরদৌস সর্দার, রবিউল মণ্ডল, আমিনুল ইসলাম, জিয়াদ খান। এঁরা একটি গাড়ি জোগাড় করে তাতে ডাক্তার লেখা স্টিকার সাঁটিয়ে নিয়েছিল। কোথা থেকে গাড়ি জোগাড় করল এরা, তাও খতিয়ে দেখছে পুলিস। এদের সঙ্গে আর কারা জড়িত, তা নিয়েও পুলিস তদন্ত করছে।
অন্যদিকে, ঘুটিয়ারি শরিফ ফাঁড়ি এলাকায় পিন্টু লস্করের বাড়িতে সোমবার ভোর থেকে তল্লাশি চালায় বারুইপুর পুলিস জেলা। যদিও কিছু পাওয়া যায়নি। পুলিসের সন্দেহ ছিল ওঁর বাড়িতে মাদক আছে। তাই তল্লাশি হয়। এদিকে হাসনাবদে ওষুধের দোকানে আড়ালে চলছিল গাঁজা মজুত। গোপন সূত্রে খবর পেয়ে ২০৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিস। গ্রেপ্তার তিন দুষ্কৃতী। ধৃতদের নাম বাবলু মোল্লা, সুব্রত মণ্ডল, শ্যাম কয়াল।