Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩০০ টাকায় কেনা দা দিয়েই প্রেমিকার স্বামীকে খুনের চেষ্টা

প্রেমিকা রুকসোনা বিবির স্বামীকে খুন করার জন্য ৩০০ টাকা দিয়ে সকালে ধারালো দা কিনেছিল আরিফুল। তারপর মসিয়ার রহমান মণ্ডলের বাড়ির আশপাশে কয়েকবার রেকিও করেছিল সে।

৩০০ টাকায় কেনা দা দিয়েই প্রেমিকার স্বামীকে খুনের চেষ্টা
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রেমিকা রুকসোনা বিবির স্বামীকে খুন করার জন্য ৩০০ টাকা দিয়ে সকালে ধারালো দা কিনেছিল আরিফুল। তারপর মসিয়ার রহমান মণ্ডলের বাড়ির আশপাশে কয়েকবার রেকিও করেছিল সে। কিন্তু দিনের বেলায় খতম করার সুযোগ পায়নি। তাই রাতেই টার্গেট নিয়েছিল খুন করার। সেই মতো প্রেমিকাকে দিয়ে তাঁর স্বামীকে বাপের বাড়িতে ডেকে পাঠায় আরিফুল। আমডাঙায় পরকীয়ার ঘটনায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিসের হাতে। খুনের চেষ্টার কাজে ব্যবহৃত ধারালো দা শুক্রবার দুপুরে উদ্ধার করেছে আমডাঙা থানার পুলিস।

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে আমডাঙার তারাবেড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় মসিয়ার রহমান মণ্ডলকে ধারালো অস্ত্রের কোপ মারে আরিফুল। সে তারাবেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান ওমর আলি মণ্ডলের ছেলে। তার সঙ্গে মসিয়ারের স্ত্রী রুকসোনা বিবির পরকীয়ার সম্পর্ক রয়েছে। এমনকী, তারা একসঙ্গে বহুবার লম্বা ট্যুরেও গিয়েছে। সেই সম্পর্কে পথে ‘কাঁটা’ স্বামী মসিয়ার। ওইদিন রাতে বাপের বাড়িতেই ছিলেন রুকসোনা বিবি। মেয়ের খাবার আনার জন্য সেখানে স্বামীকে ডেকে পাঠায় রুকসোনা। তবে, কয়েকদিন ধরেই স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষছিল স্ত্রী, এমনটাই জেনেছে পুলিস। মঙ্গলবার ছিল ‘ডেডলাইন’।
তদন্তকারীদের সূত্রে খবর, পরিকল্পনামাফিক আরিফুল ওইদিন সকালে গাদামারা বাজার থেকে একটি ধারালো দা কেনে ৩০০ টাকায়। দোকানদারকে বলেছিল, তালশাঁস কাটা হবে। এরপর ওই দা নিয়ে বাইকে করে মসিয়ারের বাড়ির আশপাশে কয়েকবার ঘোরাফেরা করেছিল। ধৃত আরিফুল পুলিসকে আরও জানিয়েছে, প্রেমিকা রুকসোনা মসিয়ারের সঙ্গে থাকতে চাইছিল না। বরং তার সঙ্গে সংসার করাই উদ্দেশ্য ছিল রুকসোনার। প্রেমিকাই খুনের জন্য ‘উৎসাহিত’ করেছিল তাকে। ‘অপারেশন’ সফল না হওয়ায় তড়িঘড়ি বাইক নিয়ে বারাসতে এক আত্মীয়ের বাড়িতে এসে গা ঢাকা দেয় আরিফুল। সেখান থেকেই পুলিস তাকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে শুক্রবার অকুস্থলের কিছুটা দূরে রক্তমাখা সেই দা উদ্ধার করেছে পুলিস।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ