Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলা থানার সীমান্তবর্তী রেনু ক্যাম্পে কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি সহ পাকড়াও ২

সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতীয় মূল ভূখন্ডে প্রবেশ করেছিল এক বাংলাদেশি। তাকে অনুপ্রবেশে সাহায্য করেছিল এক ভারতীয়।

লালগোলা থানার সীমান্তবর্তী রেনু ক্যাম্পে কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি সহ পাকড়াও ২
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতীয় মূল ভূখন্ডে প্রবেশ করেছিল এক বাংলাদেশি। তাকে অনুপ্রবেশে সাহায্য করেছিল এক ভারতীয়। তবে শেষরক্ষা হয়নি। সীমান্তে বিএসএফের তৎপরতায় দুইজনই পাকড়াও হয়েছে। ধৃত বাংলাদেশির নাম জালালউদ্দিন শেখ। বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগবানগঞ্জ গ্রামে। ধৃত ভারতীয় দালালের নাম সুখরুদ্দিন শেখ। বাড়ি লালগোলা থানার বিলবোরাকোপরা পঞ্চায়েতের রামনগর গ্রামে। পরে বিএসএফের পক্ষ থেকে তাদের লালগোলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের কাছ থেকে একটি তার কাটার মেশিন, একটি মোবাইল এবং প্রায় ৫০ হাজার বাংলাদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। ওই বাংলাদেশিকে ভারতে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল লালগোলার বাসিন্দা আরও দুই দালাল। তাদেরও খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। বুধবার ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ভগবানগোলা এসডিপিও বিমান হালদার বলেন, অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশির পাশাপাশি এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ভারতীয় মূল ভূখন্ডে অনুপ্রবেশের জন্য ধৃত বাংলাদেশি ভারতীয় দালালকে ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার টাকা দিয়েছিল। অনুপ্রবেশ সংক্রান্ত আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেপাজতে নেওয়া হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, বিএসএফের নজর এড়িয়ে মঙ্গলবার রাতে লালগোলা থানার সীমান্তবর্তী রেনু ক্যাম্পের ১৩ নম্বর গেটের কাঁটাতারের বেড়া কেটে ভারতীয় মূল ভূখন্ডে অনুপ্রবেশ করে জালালউদ্দিন শেখ। তাকে অনুপ্রবেশে সাহায্য করেছিল লালগোলার রামনগরের বাসিন্দা সুখরুদ্দিন শেখ। সীমান্ত থেকে কিছুটা ভিতরে ঢুকতেই বিষয়টি নজরে পড়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের দেখে তারা ছুটে পালানোর চেষ্টা করে। কিছুটা ধাওয়া করে দুইজনকে পাকড়াও করা হয়। দুইজনকে ক্যাম্পে নিয়ে এসে তল্লাশি চালানোর সময় একটা মোবাইল, বাংলাদেশের টাকার পাশাপাশি তার কাটার মেশিন বাজেয়াপ্ত হয়। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ড ঘোষণার পর বাংলাদেশ আবার অশান্ত হয়ে উঠেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে এদেশে অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের খোলা অংশের থানাগুলিকে সর্তক করা হয়েছে। অনুপ্রবেশ রুখতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তা সত্ত্বেও রেনু ক্যাম্পের ১৩ নম্বর গেটের কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ