আক্রমণই অস্ত্র কোচ হাবাসের
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনের বেলা চড়চড়ে গরম। তবে সন্ধ্যার পর ওমানে উষ্ণতা কিছুটা কমে। এসিএল টু’য়ের ম্যাচে মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় আল সিবের বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। ওই সময় মাসকাটের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করে। অস্বস্তিকর আর্দ্রতা তো রয়েইছে। প্রতিপক্ষের পাশাপাশি ওমানের শুকনো আবহাওয়াও ভাবাচ্ছে হাবাসকে। এমন পরিবেশে একই গতিতে ৯০ মিনিট অপারেট করা অসম্ভব। তাই অংক কষেই ৩ পয়েন্টের জন্য ঝাঁপাতে চান লাল-হলুদের স্প্যানিশ কোচ।

Advertisement

রবিবার আল সিব ক্লাবের মাঠে প্রস্তুতি সারল ইস্ট বেঙ্গল। আইএসএলে ইন্টার কাশী ম্যাচ খেলার ২৪ ঘণ্টার মধ্যে ওমানে পা রেখেছেন আনোয়াররা। ফুটবলারদের তরতাজা রাখতে হালকা অনুশীলন করান স্প্যানিশ কোচ। ডেডবল মুভমেন্টের উপরেই জোর দেওয়া হয়। প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন ঘটতে পারে। জিভুলিচ, জিকসন, এডমুন্ডদের শুরু থেকেই খেলানোর পরিকল্পনা টিম-ম্যানেজমেন্টের। ম্যাচের আগের দিন মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ মিলবে। সেখানেই প্রস্তুতিতে ফিনিশিং টাচ দেবেন লাল-হলুদ সারথি। ভিডিও সেশনে আল সিবকে নিয়ে মহড়া সেরেছেন হাবাস। প্রতিপক্ষের দুর্গ ভাঙতে উইং থেকে ডানা ঝাপটাতে তৈরি তিনি। বিষ্ণু, এডমুন্ড, রোহিত দানুর গতি ইস্ট বেঙ্গলের অন্যতম অস্ত্র। মিডফিল্ডে রশিদ ও রামিরেজের কম্বিনেশনের উপর অনেককিছু নির্ভরশীল। মাঝমাঠ জমাট করেই আল সিবকে টেক্কা দিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। এসিএল টু’য়ে নিজেদের প্রথম ম্যাচে জর্ডনের আল হুসেইনের বিরুদ্ধে ২ গোলে লিড নিয়েও ড্র করে ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে ইরাকের আল শোর্তার কাছে ২-৩ গোলে হারের পর বেশ চাপে হাবাস ব্রিগেড। পরের রাউন্ডে পৌঁছানোর আশা জিইয়ে রাখতে হলে আল সিবকে টেক্কা দিতেই হবে। তাই আক্রমণাত্মক ফুটবলই হাবাসের ভরসা। আইএসএলে প্রথম দুই ম্যাচে ৯ গোল করেছে ইস্ট বেঙ্গল। ডেভিডদের ফর্ম সমর্থকদের আশাবাদী করছে। ছন্দ বজায় রেখে ওমানের মাটিতে ৩ পয়েন্ট হাসিল করতে চায় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।