নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রবিবার তুঁতে খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুঁচুড়াতে ঘটনাটি ঘটেছে। এদিন সকালে আচমকা ওই ছাত্র নিখোঁজ হয়ে যায়। পরে তাকে চুঁচুড়ার গঙ্গার ঘাট থেকে উদ্ধার করে আনে পুলিস। কিন্তু বাড়িতে ফেরার কিছু সময় পরে সে তুঁতে খেয়ে নেয়। অভিভাবকরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। প্রসঙ্গত, আজ, সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এমনিতে ওই পরীক্ষার্থী পড়াশোনায় ভালো। তাঁদের দাবি, সম্ভবত মানসিক চাপের কারণে সে ওই পথ নিয়েছিল।



