নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিল মোদি সরকার। বুধবার ১ জুলাই থেকে তা বৃদ্ধি করে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। ইতিমধ্যেই এব্যাপারে বিবৃতি জারি করেছে শ্রমমন্ত্রকের আওতাধীন ইএসআইসি (কর্মচারী রাজ্য বিমা নিগম)। ইএসআই কর্পোরেশনের ১৯৮তম বৈঠকে এসংক্রান্ত সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ন্যূনতম ২ বছর ইএসআইসির গ্রাহক থাকলে এই সুবিধা পান কর্মচারীরা। কমপক্ষে ৭৮ দিনের প্রদেয় অর্থ জমা করতেই হয়। দৈনিক মজুরির ৫০ শতাংশ পর্যন্ত নগদ সহযোগিতা দেওয়া হয় উল্লিখিত কর্মসূচির আওতায়। সর্বাধিক ৯০ দিন পর্যন্ত এই সহযোগিতা পাওয়া যায়।



