নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। এবারের অধিবেশনে আসতে চলেছে স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রসঙ্গ। এছাড়া, বাংলা ভাষায় কথা বলার জন্য যেভাবে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে, সেই প্রসঙ্গটিও উঠে আসবে। ফলে আগামী কয়েকদিন বিধানসভার অধিবেশন সরগরম থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, এসএসসি’র তরফে অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছে, তা নিয়ে রাজনীতির ময়দানে বিতর্ক তুঙ্গে। এই ইস্যুতেও বিধানসভার অধিবেশন উত্তপ্ত হতে পারে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিধানসভার অধিবেশন চলার কথা। ওই দিনই বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। ফলে স্বল্প সময়ের জন্য বিধানসভার অধিবেশন হলেও রাজনৈতিক দিক থেকে তা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।



