Bartaman Logo
৯ জুন, ২০২৬

অসম বিজেপির ভিডিওতে নিশানায় সংখ্যালঘুরা, নিন্দা

রাস্তায় মাংস কাটছেন এক বৃদ্ধ। অসমের শহর,বাজার, স্টেডিয়াম, বিমানবন্দর সর্বত্র শুধুই সংখ্যালঘুরা। বিজেপি না থাকলে রাজ্যের দশা এটাই  হতো।

অসম বিজেপির ভিডিওতে  নিশানায় সংখ্যালঘুরা, নিন্দা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: রাস্তায় মাংস কাটছেন এক বৃদ্ধ। অসমের শহর,বাজার, স্টেডিয়াম, বিমানবন্দর সর্বত্র শুধুই সংখ্যালঘুরা। বিজেপি না থাকলে রাজ্যের দশা এটাই  হতো। সোমবার এআই দিয়ে তৈরি এমনই একটি কাল্পনিক ভিডিও পোস্ট করল অসম বিজেপি। তারপর থেকেই নানা মহলে নিন্দার ঝড়। সরব হয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। তাদের বক্তব্য, উস্কানিমূলক ভিডিও তৈরি করে রাজনীতির নোংরা খেলায় মেতেছে বিজেপি। নিজেদের আখের গোছাতে মানুষকে ভুল বুঝিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। উন্নয়ন, মানুষের জীবন-জীবিকা নিয়ে প্রশ্নে অস্বস্তির মুখে পড়তে হচ্ছে কেন্দ্র ও অসমের বিজেপি সরকারকে। এই সব জ্বলন্ত ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছে তারা। এজন্য বিদ্বেষ উস্কে ভোটের বাক্সে মেরুকরণের ফায়দা তুলতে মরিয়া বিজেপি। 

Advertisement

দিনকয়েক আগেই অসমে এসে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই ইস্যুতে হিমন্তের উগ্র হিন্দুত্বও বারবার সামনে এসেছে। মেরুকরণই এসবের মূল লক্ষ্য বলে বিরোধীদের দাবি। এরইমাঝে ১৫ সেপ্টেম্বর অসম বিজেপির এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা- কখনও এই স্বপ্ন সত্যি হতে দেওয়া যায় না। আর ভিডিওর উপরের দিকে লেখা রয়েছে-‘বিজেপি ছাড়া অসম’। এরপর সংখ্যালঘুদের ভিড়, অনুপ্রবেশকারীদের জমি দখল সহ নানা দৃশ্য দেখানো হয়েছে। একটি অংশে দেখা যাচ্ছে- মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেস নেতা গৌরব গগৈ ও রাহুল গান্ধী। পিছনে পাকিস্তানের পতাকা। এনিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে একহাত নিয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। তাঁর কথায়, বিজেপি রাজনীতির নোংরা খেলায় মেতে সমাজে বিষ ছড়াচ্ছে। এতেও কি আপত্তি নেই কমিশনের। বরাবরের মতো এবারও কি তিনি নীরব দর্শক হয়ে থাকবেন? মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বলেন, আসলে ভারতে সংখ্যালঘুদের অস্তিত্বকেই সমস্যা হিসেবে দেখে বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ