সুমন তেওয়ারি, আসানসোল: যাঁদের হাতে গড়া প্রতিমায় পুজো করে ভক্তিভাবে তন্ময় হয় বাঙালি। সেই মৃৎশিল্পীদের মনে বিষাদের সুর। মূল্যবৃদ্ধি থাবা বসিয়েছে আসানসোলের কুমোরটুলি মহিশীলা পাল পাড়াতেও। প্রতিমা তৈরির সরঞ্জামের অতিরিক্ত দামে নাভিশ্বাস উঠছে শিল্পীদের। মাটি থেকে সুতলি, পাট থেকে খড় সবের দামই প্রায় দ্বিগুণ। এই অবস্থায় প্রতিমার দাম বাড়েনি। আর তাতেই মূর্তির কাজ শেষ করতে গিয়ে বিপাকে শিল্পীরা।
শিল্পীদের সুরাহা দেওয়ার জন্য কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে। বিজেপি অভিযোগ করত, তৃণমূল সরকার কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু হতে দেয়নি বলেই শিল্পীরা বঞ্চিত। এখন প্রায় পাঁচ মাস রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। সরকারের ঘোষণা মতে, কেন্দ্রের সব প্রকল্প বাংলায় চালু হয়েছে। তারপরও বিশ্বকর্মা যোজনা, মুদ্রা লোনের মতো প্রকল্পের নামই শোনেননি অনেক শিল্পী। যার জেরে আর্থিক অনটনে ভুগছেন অনেকেই।
মৃৎশিল্পী অভিজিৎ রুদ্রপাল বলেন, কোনো সরকারই মৃৎশিল্পীদের জন্য ভাবেনি। তৃণমূল সরকারে থাকাকালীন বহু মানুষের জন্য নানা প্রকল্প করেছিল। অথচ মৃৎশিল্পীদের শিল্পীর স্বীকৃতিটুকু দেয়নি। আমরা শিল্পী ভাতা সহ কোনো সুবিধাই পেতাম না। তিনি বলেন, আমাদের পাল পাড়ার কেউই বিশ্বকর্মা যোজনা, মুদ্রা লোনের নামও শোনেনি। বিজেপির পক্ষ থেকে কেউ এসে তো বলেনি এই প্রকল্পগুলির সুবিধা পাওয়া যাবে।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা বলেন, আমাদের লাভার্থী সম্পর্ক অভিযান চলছে। প্রতি বুথে বাড়ি, বাড়ি গিয়ে মানুষের সঙ্গে আলাপচারিতা হচ্ছে। পাণ্ডবেশ্বর ব্লকে একাজ করতে গিয়ে আমরা জেনেছি মৃৎশিল্পীরা বিভিন্ন প্রকল্পের কথা জানেন না। আমরা তাঁদের পুরো বিষয়টি অবগত করিয়েছি। মহিশীলার পাল পাড়াতেও আমরা দলীয় কর্মসূচি করব।
শিল্পীদের দাবি, গত বছর গঙ্গা মাটির দাম ছিল ২০-২২ হাজার টাকা। একটি ১৬ চাকা ভর্তি লরি এলে এই দাম মেটাতে হত। এখন মাটি পাওয়াও যাচ্ছে না। প্রতিমা তৈরিতে বিভিন্ন সময়েই মাটির সংকট তৈরি হচ্ছে। প্রতিমা তৈরিতে প্রচুর পরিমাণে খড় লাগে। আগে এক কাহন খড় ৯০০ টাকা ছিল। এখন দাম হয়েছে ১৬০০ টাকা। পাটের দাম ৭০ থেকে বেড়ে ২০০ টাকা। সুতলির দাম ১২০ টাকা থেকে বেড়ে ২৫০ টাকা হয়েছে। শিল্পীদের অভিযোগ, অনুদানের টাকা পাওয়া যাবে না একথা বলে প্রতিমার আগেই কম টাকায় বায়না করে গিয়েছেন পুজো উদ্যোক্তারা। এখন আর চাইলেও তাঁরা প্রতিমার জন্য বাড়তি দাম দিচ্ছেন না।



