Bartaman Logo
১০ জুন, ২০২৬

মার্কিন শুল্ক কমতেই দৌড় শেয়ার সূচকের, ১২২ পয়সা দাম বাড়ল টাকার

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ইতিবাচক প্রভাব পড়ল শেয়ার বাজারে।

মার্কিন শুল্ক কমতেই দৌড় শেয়ার সূচকের, ১২২ পয়সা দাম বাড়ল টাকার
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ইতিবাচক প্রভাব পড়ল শেয়ার বাজারে। যার জেরে এক ধাক্কায় আড়াই শতাংশ চড়ল বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স এবং জাতীয় স্টক এক্সচেঞ্চের নিফটি। রবিবার সাধারণ বাজেটের দিন শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছিল। সেই ধাক্কা সামলে সোমবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল সূচক। এরইমধ্যে সোমবার রাতেই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার খবর সামনে আসে। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশের চড়া শুল্ক কমে ১৮ শতাংশ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বাজার খোলার পর থেকেই কার্যত শেয়ার কেনার হিড়িক পড়ে যায়। গা ঝাড়া দিয়ে ওঠে সূচক। একটা সময় ৪ হাজার ২০৫ পয়েন্ট বেড়ে ৮৫ হাজার ৮৭১ অঙ্কে পৌঁছে যায় সেনসেক্স। বৃদ্ধির হার ছিল ৫.১৪ শতাংশ। যদিও দিনের শেষে তা কিছুটা কমে। শেষপর্যন্ত ২ হাজার ৭২ পয়েন্ট বেড়ে দৌড় শেষ করে সেনসেক্স। বৃদ্ধির হার ২.৫৪ শতাংশ। সমানে পাল্লা দিয়েছে নিফটিও। এক সময় ১ হাজার ২৫২ অঙ্ক বেড়ে এই সূচক পৌঁছয় ২৬ হাজার ৩৪১ পয়েন্টে। বৃদ্ধির হার ছিল ৪.৯৯ শতাংশ। পরে কিছুটা নেমে আসে। নিফটি ৬৩৯ পয়েন্ট বেড়ে দিনের শেষে ২৫ হাজার ৭২২ অঙ্কে থামে। বৃদ্ধির হার ২.৫৫ শতাংশ। এরইমধ্যে চমক দেখায় টাকার দরও। এদিন ডলারের তুলনায় ১২২ পয়সা বেড়েছে ভারতীয় মুদ্রার দর। দিনের শেষে ডলারের নিরিখে দর হয় ৯০ টাকা ২৭ পয়সা। বস্তুত ১.৩৩ শতাংশ বৃদ্ধি নিয়ে এদিন এশিয়ার দেশীয় মুদ্রাগুলির মধ্যে সবচেয়ে ভালো ফল করে টাকাই। মুদ্রা বিনিময়ের সঙ্গে যুক্তরা জানাচ্ছেন, প্রায় আড়াই সপ্তাহ পরে টাকার দাম এই স্তরে পৌঁছল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ