Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইউরোপের জাদুঘর থেকে বনকাপাসির শিল্পী, হরেক থিম উত্তর থেকে দক্ষিণে

ইউরোপীয় শিল্পরীতিতে তৈরি একাধিক ছবি দেওয়ালজুড়ে টাঙানো। বাহারি ফ্রেম। দেখে মনে হবে, বিদেশের কোনও আর্ট গ্যালারি হয়ত।

ইউরোপের জাদুঘর থেকে বনকাপাসির শিল্পী, হরেক থিম উত্তর থেকে দক্ষিণে
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শান্তনু দত্ত, কলকাতা: ইউরোপীয় শিল্পরীতিতে তৈরি একাধিক ছবি দেওয়ালজুড়ে টাঙানো। বাহারি ফ্রেম। দেখে মনে হবে, বিদেশের কোনও আর্ট গ্যালারি হয়ত। ভুল ভাঙবে আর একটু এগলে। সেখানে দাঁড়িয়ে ডাকের সাজে দুর্গা প্রতিমা। দক্ষিণ কলকাতার ফাল্গুনী সংঘের পুজো এরকম কিছু চমক নিয়ে অপেক্ষা করছে। উদ্যোক্তা কুশল মজুমদার জানালেন, এবার পুজোর ৮৪তম বর্ষ। ইউরোপের একটি মিউজিয়ামের আদলে সাজানো হয়েছে মণ্ডপ। হিডকোর প্রাক্তন কর্তা দেবাশিস সেনের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবিগুলি তৈরি হয়েছে। পুজো কমিটি আশাবাদী, প্রযুক্তি নির্ভর এই শিল্পপ্রয়াস মুগ্ধ করবে সবাইকে।

Advertisement

দক্ষিণ কলকাতাই কেবল নয়, চমক দিতে প্রস্তুত উত্তরও। উল্টোডাঙা জাগরণী সংঘের এবারের চমক ‘ডাকের ইতিকথা।’ ঐতিহ্যবাহী ডাকের সাজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে থিমের রমরমায়। বর্ধমানের বনকাপাসির শোলা শিল্পীদের অবস্থা আরও সঙ্গীন। সেই কথাই উঠে এসেছে মণ্ডপজুড়ে। প্যান্ডেলে ঢুকলে চোখে পড়বে বনকাপাসি স্টেশন। সর্বত্র ইতিহাসের ছোঁয়া। নেতাজি সুভাষচন্দ্র বসুর কালী সাধনার প্রসঙ্গ উঠে এসেছে এখানে। ঢোকার মুখেই রাখা কালী প্রতিমা। পাশাপাশি বনকাপাসির শিল্পীদের জীবনযাত্রা, কষ্ট, যন্ত্রণা জীবনকথা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের কাজে। দুর্গার সাজ শোলা দিয়েই তৈরি। 
এই এলাকাতেই রয়েছে উল্টোডাঙা বিধান সংঘের পুজো মণ্ডপ। ৫৭ তম বর্ষ তাদের। এবছরের ভাবনা, ‘সৃষ্টিসুখ’। শিল্পী পূর্ণেন্দু দে ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করেছেন মণ্ডপ। ব্যবহার হয়েছে, বাতিল পেন, প্লাস্টিকের বল, টিন, ভাঙা আয়না, ছেঁড়া চট, ভাঙা পেটি সহ বিভিন্ন উপকরণ। উদ্যোক্তা অরূপ দাস জানালেন, অতিরিক্ত বর্জ্য দূষণ বাড়ায়। তাই মণ্ডপজুড়ে রয়েছে বিভিন্ন পদার্থ পুনর্ব্যবহারের বার্তা। 
উল্টোডাঙার একটু দূরে বেলেঘাটা। সেখানে সরকার বাজারে বিবেকানন্দ সঙ্ঘের মণ্ডপে সোঁদা মাটির গন্ধ। ৭৭তম বর্ষ তাদের পুজোর। এবারের ভাবনা, মাটির টান। শহরের কোলাহল, যান্ত্রিকতা, কংক্রিটের ভিড়ে শিকড়ের টানের কথা ফুটে উঠেছে মণ্ডপে। সহজ সরল গ্রামীণ সৌন্দর্য মুগ্ধ করবে দর্শনার্থীদের। দেবী প্রতিমাতে সাবেকিয়ানা ছোঁয়া। বেলেঘাটা থেকে আসা যায় ফুলবাগানের সিটিজেনস ফোরাম সর্বজনীন দুর্গোৎসবে। এই অঞ্চলের মহিলাদের উদ্যোগে হচ্ছে এই পুজো। সেখানে আট থেকে আশি সকলের উৎসাহ চোখে পড়ার মতো। এদিকে, পূর্ব কলিকাতা সর্বজনীন দুর্গোৎসব সেজে উঠছে ‘পারাপার’ থিমে। আদিগঙ্গাকে কেন্দ্র করে ৭৯তম বর্ষে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ