Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

চিত্র প্রদর্শনী ‘ত্রয়ী’

চলচ্চিত্র জগতের কিংবদন্তী ত্রয়ী তাঁরা। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় ও মৃণাল সেন। হাতে আঁকা ছবির মাধ্যমে এই তিন বাঙালি চলচ্চিত্র পরিচালককে শ্রদ্ধা জানালেন ৫৬ জন চিত্রশিল্পী।

চিত্র প্রদর্শনী ‘ত্রয়ী’
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চলচ্চিত্র জগতের কিংবদন্তী ত্রয়ী তাঁরা। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় ও মৃণাল সেন। হাতে আঁকা ছবির মাধ্যমে এই তিন বাঙালি চলচ্চিত্র পরিচালককে  শ্রদ্ধা জানালেন ৫৬ জন চিত্রশিল্পী। সম্প্রতি কলকাতায় গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় শিল্পীরা তাঁদের আঁকা ছবিতে এই পরিচালকদের বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্য ফুটিয়ে তোলেন। ‘ত্রয়ী’ শিরোনামে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল আর্ট ওয়ার্ল্ড। প্রতি বছরই এই সংস্থা চিত্রশিল্পীদের নিয়ে প্রদর্শনীর আয়োজন করে। এ বছর উদ্বোধনী অনুষ্ঠানে জয়ন্ত বিশ্বাস, যুগল সরকার, অনুপম মণ্ডলের মতো প্রথিতযশা চিত্রশিল্পী উপস্থিত থেকে এই প্রদর্শনীর আকর্ষণ বাড়িয়ে তুলেছিলেন। প্রদর্শনীতে তপোজা শিকদার, সুপর্ণা ডাঙ্গার, সম্বিত ঘোষ, নীলাঞ্জন মজুমদার প্রমুখের আঁকা ছবি দর্শকদের বিশেষ নজর কেড়েছে। ‘নীল আকাশের নীচে’, ‘নায়ক’, ‘হীরক রাজার দেশে’, ‘দেবী’, ‘আকালের সন্ধানে’, ‘মৃগয়া’ প্রভৃতি চলচ্চিত্রের দৃশ্য পেনসিল স্কেচ ও তুলির রঙে ফুটিয়ে তুলেছিলেন শিল্পীরা। ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির সেই বিখ্যাত দৃশ্যটি মনে আছে? যেখানে লালমোহন গাঙ্গুলিকে লক্ষ্য করে ছুরি ছুড়ছে মগনলাল মেঘরাজের লোক অর্জুন। সেই অনুকরণে আঁকা ছবিটিও দর্শকদের ভূয়সী প্রশংসা পেয়েছে। আবার একটি ছবিতে ‘পথের পাঁচালি’ ও ‘বাড়ি থেকে পালিয়ে’ এই দুই চলচ্চিত্রের কোলাজ দেখা গেল। তবে শুধু চলচ্চিত্রের দৃশ্যই নয়, তিন পরিচালকের পোট্রেটও ছিল প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। মোবাইলে বুঁদ হয়ে থাকা প্রজন্মকে বাঙালির শিল্প ও সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেওয়াই ছিল এই প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য। তবে আশার কথা, এই চিত্র প্রদর্শনীতে দর্শকদের মধ্যে নতুন প্রজন্মের উপস্থিতি সেই উদ্দেশ্যকে অনেকটাই সফল করেছে। দুই খুদে চিত্রশিল্পী অয়ন্যা মজুমদার ও সায়ন্তন সিনহার আঁকা ছবিও এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ