দীর্ঘদিনের বন্ধুত্ব। কিন্তু কাজের সুযোগ মিলল প্রথমবার। স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ খান এবং আরশাদ ওয়ারসি। সৌজন্যে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’। ঘোষণার পর থেকেই এই ছবি ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। শাহরুখের ‘কিং’ অবতার দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। এবার ছবিতে তাঁর সঙ্গে আরশাদের কাজও দেখা যাবে। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন অভিনেতা। শীঘ্রই তিনি শ্যুটিংয়ে যোগ দেবেন বলে খবর। উল্লেখ্য, এর আগে আরশাদ অভিনীত ‘কুছ মিঠা হো যায়ে’ ছবিতে ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। তবে তাঁদের স্ক্রিন শেয়ার করা হয়নি। অবশেষে এই ছবির হাত ধরে সেই সুযোগ এল। প্রসঙ্গত, ‘কিং’-এর হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। তাঁর বিপরীতে থাকবেন অভিনেতা অভয় বর্মা। পাশাপাশি শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে বলে খবর। খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনের অভিনয়।



