সংবাদদাতা, বারুইপুর: অস্ত্র নিয়ে তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে এক দুষ্কৃতীকে ধরল বারুইপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রবি চট্টোপাধ্যায়। বাড়ি মাঝেরহাট এলাকায়। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগজিন। রবি এলাকায় বিজেপির কর্মী বলে পরিচিত। বুধবার রাতে থানার এসআই অর্ঘ্য মণ্ডলের কাছে খবর আসে যে, মাঝেরহাট মোড়ে ওই দুষ্কৃতী কাউকে অস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছে। তখন পুলিশ এলাকায় যায়। পুলিশের গাড়ি দেখে রাসমাঠের দিকে পালাতে যায় অভিযুক্ত। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষে পুলিশ পিছু ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। পুলিশ আরও জানিয়েছে, ধৃতের নামে আগেও তোলাবাজি, গাঁজা পাচারের কেস ছিল বারুইপুর থানায়। নিজস্ব চিত্র



