নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার জালিয়াতদের অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার অভিযোগে বাঁশদ্রোণী এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাঁশদ্রোণী থানার পুলিশ। ধৃতের নাম পার্থ সরকার। তাঁর অ্যাকাউন্টে ১৩ লক্ষ টাকা এসেছিল বলে অভিযোগ। লেনদেনের সূত্র ধরেই তাঁকে রবিবার রাতে ধরা হয়। অভিযুক্ত কমিশনের টোপ দিয়ে বিভিন্নজনের অ্যাকাউন্ট ভাড়া নিত বলে জানা গিয়েছে। এমনকি, অন্যের নথি জোগাড় করে অ্যাকাউন্ট খুলে সেখানে সাইবার জালিয়াতির টাকা ঢোকাত বলেও জেনেছে পুলিশ।
২০২৫ সালের জুন মাসে সাইবার জালিয়াতির শিকার হন বাঁশদ্রোণীর এক বাসিন্দা। বিনিয়োগের টোপ গিলে তিনি ৫০ লক্ষ টাকা খুইয়ে বসেন। পুলিশে অভিযোগ করলে তদন্ত শুরু হয়। অ্যাকাউন্টের সূত্র ধরে পুলিশ জানতে পারে, একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ঘুরেছে। শেষ পর্যন্ত ১৩ লক্ষ টাকা পার্থ সরকার নামের একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। তা আবার তুলেও নেওয়া হয়েছে। তার ভিত্তিতে রবিবার রাতে পার্থকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, তাঁর সঙ্গে সাইবার জালিয়াত চক্রের যোগ রয়েছে। ভিন রাজ্যে বসে এই চক্র কাজ করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সঙ্গে পরিচয় হয়েছিল। তারা তাঁকে প্রস্তাব দেয়, তাঁর অ্যাকাউন্টে টাকা ঢোকালে মোটা টাকা কমিশন পাওয়া যাবে। সেইসঙ্গে তাঁকে আরও কয়েকজনের অ্যাকাউন্ট নম্বর তারা জোগাড় করতে বলে। কমিশনের আশায়, বিভিন্ন লোককে বুঝিয়ে তাঁদের অ্যাকাউন্টের তথ্য নেন পার্থ। সেই তথ্য পাঠিয়ে দেন জালিয়াতদের কাছে। এমনকি, ওই সমস্ত অ্যাকাউন্টের এটিএম কার্ড ক্যুরিয়ার মারফত পাঠিয়ে দেন ভিন রাজ্যে। অ্যাকাউন্টে টাকা জমা পড়ার পর ওই এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা হতো। অভিযুক্ত বিভিন্ন অজুহাতে অন্যের প্যান, আধার, ভোটার কার্ড সহ বিভিন্ন নথি হাতিয়ে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন। অ্যাকাউন্ট ভাড়া দিয়ে ভালো টাকা রোজগার করেছেন পার্থ। কারা এই চক্রের মাথা, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।