Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রিসের পাঁচতারা হোটেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার

গ্রিসের পাঁচতারা হোটেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। এমন অভিযোগে বিশাল কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ।

গ্রিসের পাঁচতারা হোটেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও কলকাতা: গ্রিসের পাঁচতারা হোটেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। এমন অভিযোগে বিশাল কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। রবিবার অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হলে ছয়দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা বিশাল কুমার নারায়ণপুর এলাকায় থাকেন। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। চলতি বছরের মার্চ মাসে হাওড়ার সদর বক্সি লেনের বাসিন্দা রাহুল দের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় তাঁর। রাহুলকে গ্রিসের একটি নামী পাঁচতারা হোটেলে চাকরি করে দেবেন বলে আশ্বাস দেন। কিন্তু সেজন্য প্রায় দেড় লক্ষ টাকা লাগবে বলে জানান। প্রতারণার ফাঁদে পা দিয়ে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে অনলাইনে সেই টাকা অভিযুক্তকে দিয়ে দেন রাহুল। পরিবর্তে তাঁকে একটি জাল অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হয়। বেশ কিছুদিন পর রাহুলবাবু জানতে পারেন যে, তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। এরপর তিনি অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু সেই টাকা না পাওয়ায় এপ্রিল মাসে হাওড়া থানায় লিখিত অভিযোগ করেন রাহুলবাবু। তদন্তে নেমে হাওড়া থানার পুলিশ প্রথমে নারায়ণপুরে বিশাল কুমারের ঠিকানায় আইনি নোটিশ পাঠায়। কিন্তু সেই নোটিশ গ্রহণ করেননি অভিযুক্ত। এরপরই জানা যায়, বিশালকে নারায়ণপুর থানার পুলিশ একই ধরনের একটি আর্থিক প্রতারণার ঘটনায় গ্রেফতার করেছে। হাওড়া থানার পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে রাহুল দের থেকে টাকা নেওয়ার কথাও স্বীকার করেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিশাল এক সময় সোদপুরের একটি বেসরকারি কলেজে ম্যানেজমেন্টের ডিন হিসেবে কাজ করতেন। সেই সূত্রে কলেজের বেশ কিছু পড়ুয়ার কাছ থেকে জমি ও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। মামলার সরকারি কৌঁসুলি তারাগতি ঘটক বলেন, অভিযুক্তের প্রতারণার জাল বহুদূর বিস্তৃত। কতজনের সঙ্গে সে প্রতারণা করেছে, কত টাকা আত্মসাৎ করেছে, সবটাই তাকে জেরা করে জানতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ