• শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের পাশাপাশি প্রতি বছর মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে থাকে ‘দ্য ডোভারলেন মিউজিক কনফারেন্স’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিল্পীরা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। কৃতীদের নিয়ে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করে ডোভারলেন কর্তৃপক্ষ। সঙ্গে থাকেন প্রতিষ্ঠিত শিল্পীরা। এবারও তার অন্যথা হচ্ছে না। আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর তিনদিনব্যাপী সান্ধ্যকালীন অনুষ্ঠান হবে। গন্তব্য শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়ি। এবিষয়ে ডোভারলেনের যুগ্ম সম্পাদক শুভব্রত ঘোষ বলেন, ‘দীর্ঘদিন ধরে কোনও হেরিটেজ হাউসে অনুষ্ঠান করার ইচ্ছে ছিল। প্রথমবার শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়িতে অনুষ্ঠান হবে। প্রথমবার উত্তর কলকাতায় পা রাখল ডোভারলেন।’



