অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ‘অর্ণব’ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু মঙ্গলবার থেকে
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবার সকাল নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছে যাবে। আবহাওয়াবিদরা বলছেন, উপকূলের কাছাকাছি আসা ও অতিক্রম করার পর ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে তুলনামূলক বেশি হবে। তা‌ই আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে বৃহস্পতিবার ও শুক্রবার। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে আসার পর কিছুটা উত্তর অভিমুখী হতে পারে। ফলে তখন রাজ্যে এর প্রভাব কিছুটা বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির দিকে নজর রেখে আগামী দিনে আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

Advertisement

ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে থাকার সময় দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা দখিনা বাতাস সক্রিয় হবে। তাই ২৭ অক্টোবর, মঙ্গলবারও কলকাতাসহ কয়েকটি জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির মধ্যে আছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি। বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে জোরালো হাওয়া বইতে পারে কোনো কোনো জায়গায়। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোনো কোনো অংশে। বজ্রপাত সহ বৃষ্টি ও জোরালো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। ওই দিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং জেলায় বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রাজ্যের উপকূল এলাকায় মঙ্গলবার থেকে ঘন্টায় ৩৫-৪৫ কিলোমিটার গতিবেগে জোরালো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ৫৫ কিলোমিটার হতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সোমবারের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 
এদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করছে। আজ, রবিবার এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। 
কাল, সোমবার সকাল নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে  জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। তারপরও শক্তি বৃদ্ধি করার সময় এটির অভিমুখ থাকবে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে। হাওয়া অফিস সূত্রে খবর, শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্ণব। ঘণ্টায় সর্বাধিক ১৪০ কিলোমিটার গতিতে ভাইজাগের কাছে বাপাটলায় আছড়ে পড়তে পারে।