সংবাদদাতা, বালুরঘাট: উত্তরবঙ্গের হাজার হাজার যুবকের স্বপ্নপূরণে বালুরঘাটে শুরু হলো সেনাবাহিনীতে নিয়োগের র্যালি। শুক্রবার রাত থেকেই বালুরঘাট স্টেডিয়াম চত্বরে ছিলও লম্বা লাইন। উত্তরবঙ্গের আট জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরের পাঁচ হাজারের বেশি প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে র্যালি।
শনিবার ভোরে বীরত্ব পুরস্কারে সম্মানিত প্রাক্তন সেনাকর্মীদের ফ্ল্যাগ অফের মাধ্যমে নিয়োগ র্যালির সূচনা হয়। তাঁরা চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং ভারতীয় সেনাবাহিনীতে কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি, সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশসেবায় নিজেদের নিয়োজিত করার জন্য যুবকদের উৎসাহিত করেন।



