নিজস্ব প্রতিনিধি, মালদহ: সাতসকালে ভয়াবহ মর্মান্তিক ঘটনা। এদিন শ্বশুরবাড়িতে চড়াও হয়ে ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে স্বামী। আক্রান্ত মহিলার নাম কস্তুরি বিবি (২৮)। ঘটনাটি ঘটে মালদহের ইংলিশবাজার এলাকার নঘরিয়া নীচুটোলা গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, ১২ বছর আগে বিয়ে হয় কস্তুরি বিবির। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁদের। চার মাস আগে শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামী নূরের বিরুদ্ধে থানায় দ্বারস্থ হন তিনি। এইনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়। ফলে বাপেরবাড়িতে এসে থাকতে শুরু করেন ওই মহিলা। অভিযুক্ত স্বামী নূর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। আর এদিন সকালে আচমকা শ্বশুরবাড়িতে ঢুকে পড়েন অভিযুক্ত নূর। এরপর তাঁর ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরির কোপ মারে সে। পেটে ছুরি ঢোকানো অবস্থায় আহত মহিলাকে মালদহ মেডিকেল হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। পাশাপাশি এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নূর আলম। বাইক নিয়ে অভিযুক্তকে পালিয়ে যেতে দেখেন স্থানীয়রা। অপরদিকে পুলিশে খবর দেন পরিবারের লোকেরা। সম্পর্কের অবনতি নাকি অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে খুন করার চেষ্টা করল নূর সেই বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারী দল। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।