নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: নো এন্ট্রির জন্য মঙ্গলবার রাত থেকে আরামবাগ মহকুমার বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হয়। তার জেরে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। চালকদেরও অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকী বিভিন্ন রুটে বেসরকারি বাস চলাচলেও প্রভাব পড়ে। বেশ কয়েকটি রুটে বাস নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেনি বলে দাবি। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে বেশ কয়েকটি পয়েন্টে নো এন্ট্রি করা হয়। ফলে ওই রাত থেকেই বহু পণ্যবাহী যান আটকে পড়ে। গোঘাটের খাটুল, হাজিপুরে নো এন্ট্রি হয়। বুধবার সকালে নো এন্ট্রির জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। যদিও পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
আরামবাগের একটি বাস মালিক সংগঠনের নেত্রী মধুমিতা ভট্টাচার্য বলেন, নো এন্ট্রির জন্য এদিন বিভিন্ন রুটেই যানজট হয়। তাতে অনেক বাসই যাতায়াত করতে পারেনি। কিছু বাস আবার এদিন চলেইনি। আরএক বাস মালিক বলেন, মঙ্গলবার রাত থেকেই যানজট প্রকট হয়। সকাল থেকে কোতুলপুর-আরামবাগ রুটের বাস চালানো হয়নি। পুলিসের এক আধিকারিক বলেন, শীতলা মাতার স্নানযাত্রা উৎসব উপলক্ষ্যে নির্দেশমতো এদিন নো এন্ট্রি করা হয়। সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।



