নিজস্ব প্রতিনিধি,বহরমপুর : দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের উপর কেন্দ্রীয় সরকারের দমনপীড়নের বিরুদ্ধে মুখ খুললেন অরিজিৎ সিং। মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-এ অরিজিৎ লেখেন, ‘এবার তো আপনারা ছাত্রছাত্রীদের মারধরও করছেন। আপনাদের কি একটুও লজ্জা করছে না?’ নিজের পোস্টে দেশের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় প্রশাসনের দিকে সরাসরি আঙুল তুলেছেন গায়ক। তিনি লেখেন, ‘হ্যালো নেতা, মন্ত্রী! হ্যালো দিল্লি পুলিশ! আপনাদের লজ্জা করছে না? এসব কী চলছে! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন নাকি?’ ‘হু অ্যাম আই’ নামে এক্স প্রোফাইল থেকে পোস্ট করে তিনি লেখেন, ‘সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র শাশ্বত’। এর আগে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, প্রকাশ রাজ, হুমা কুরেশি, স্বরা ভাস্বর, হৃতিক রোশন, সোনাক্ষী সিনহার মতো বলিউডের শিল্পীরা দিল্লিতে অনশনরত সোনাম ওয়াংচুক ও তাঁর সহযোগী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সোনাম ওয়াংচুকের জন্য প্রার্থনা করেছিলেন অরিজিৎ।



