সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে দু’টি ভিন্ন মামলায় একই ব্যক্তির পক্ষে এবং বিপক্ষে আদালতে সওয়াল করায় বিষ্ণুপুর মহকুমা আদালত ওই আইনজীবিকে স্পেশাল পাবলিক প্রসিকিউটারের পদ থেকে সরানোর নির্দেশ দিলেন। তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত এবং তাঁর স্ত্রী তথা পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিকের বিরুদ্ধে হওয়া মামলায় সরকার পক্ষের উকিল হিসাবে ছিলেন স্বরূপ পাঁজা। তিনিই কয়েকদিন আগে সুব্রতবাবুর বিরুদ্ধে হওয়া অপর একটি মামলায় অভিযুক্ত পক্ষের হয়ে সওয়াল করেছেন। আদালতের চোখে তা নিয়মবিরুদ্ধ কাজ। বিষয়টি পর্যবেক্ষণের পর আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক প্রদীপ অধিকারী তাঁকে স্পেশাল পাবলিক প্রসিকিউটার পদ থেকে সরানোর জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন। আইনজীবী স্বরূপ পাঁজা বলেন, সুব্রত দত্তের পুরনো একটি মামলায় তাঁর হয়ে আমি আদালতে সওয়াল করেছিলাম, সেটা মনে ছিল না। আদালত আমাকে সেটা স্মরণ করিয়ে দেওয়ার পর আমি এই মামলায় স্পেশাল প্রসিকিউটার পদ থেকে অব্যাহতি নিয়েছি। আদালত সূত্রে জানা গিয়েছে, পাত্রসায়রে চলতি বছরের মার্চ মাসে এক নাবালিকার রহস্যমৃত্যু হয়। ওই ঘটনায় চলতি বছরের জুলাই মাসে মৃতের পরিবারের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে এবং তাঁর স্ত্রী তথা পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তথ্য ও প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পাত্রসায়র থানার পুলিশ প্রথমে পূরবী এবং পরে সুব্রতকে গ্রেপ্তার করে। ওই মামলা বিষ্ণুপুর আদালতে চলছে। তাতে সরকার পক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটার নিযুক্ত হন আইনজীবী স্বরূপ পাঁজা। অপরদিকে কয়েকদিন আগেই সুব্রতবাবুর বিরুদ্ধে হওয়া অপর একটি মামলায় স্বরূপবাবু তাঁর হয়ে আদালতে সওয়াল করেন।



