নয়াদিল্লি: আরাবল্লির সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে পরিবেশ মন্ত্রকের সচিবের নেতৃত্বাধীন কমিটি। কিন্তু, তাতে ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া (এফএসআই)—এর বক্তব্যকে ধর্তব্যের মধ্যেই আনা হয়নি। সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য জানালেন আদালতবান্ধব কে পরমেশ্বর। আরাবল্লিতে অবৈধ খনির দীর্ঘমেয়াদি মামলার শুনানির সময় পাহাড়শ্রেণির ‘অভিন্ন সংজ্ঞা’ সুপারিশের জন্য কমিটি গঠন করেছিল শীর্ষ আদালত। সেই কমিটির রিপোর্ট নিয়েই বড়োসড়ো প্রশ্ন তুলে দিয়েছেন আদালত বান্ধব। তিনি জানিয়েছেন, কোনোরকম সই বা তারিখ ছাড়াই রিপোর্টটি জমা দেওয়া হয়েছিল। এমনকী সেটি পেশ করার সময় সুপ্রিম কোর্টের সেন্ট্রাল এমপাওয়ার্ড কমিটির অনুমোদনও নেওয়া হয়নি। তাছাড়া, পাহাড়শ্রেণির সংজ্ঞা নির্ধারণ নিয়ে আরাবল্লি রক্ষা ও সংরক্ষণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশকেও এড়িয়ে যাওয়া হয়েছে। আদালত বান্ধবের বক্তব্য নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে আরাবল্লি-কমিটির সুপারিশ মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে বলা হয়েছিল, ১০০ মিটার কিংবা তার বেশি উচ্চতার পাহাড়কেই পাহাড়শ্রেণির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু, পরবর্তী সময়ে একাধিক রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, প্রকৃত সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে বহু বিষয়কে এড়িয়ে গিয়েছে কমিটি।



