Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনার দোকানগুলির নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে আরামবাগ মহকুমা পুলিশ

সোনার দোকানগুলির নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে আরামবাগ মহকুমা পুলিশ
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রামকুমার আচার্য, আরামবাগ:

Advertisement

ধনতেরাস উপলক্ষ্যে সোনার দোকানগুলির নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে আরামবাগ মহকুমা পুলিশ। আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়ায় কয়েকশো জুয়েলারি দোকান রয়েছে। দোকানগুলিতে চুরি, ডাকাতি সহ যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই দোকানগুলিতে নিরাপত্তার খুঁটিনাটি দেখছেন পুলিশ আধিকারিকরা। সেই বিষয়ক প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে। ১৬-১৯ অক্টোবর পর্যন্ত ধনতেরাস উপলক্ষ্যে সোনার দোকানগুলিতে কেনাকাটা করতে ক্রেতারা ভিড় জমান। সেইসময় বাজারেও উপচে পড়া ভিড় থাকে। তাই রাস্তা ও দোকানগুলিতে বাড়তি নজরদারি রাখতে চাইছে পুলিশ।
আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, অন্যান্য দিনের তুলনায় ধনতেরাসের সময় পুলিশের টহলদারি বেশি থাকবে। এর জন্য বাইক ও গাড়িতে করে পুলিশকর্মীরা ঘুরবেন। সাদা পোশাকেও পুলিশ থাকবে। দোকান ও শোরুমগুলির কর্তাদের সঙ্গে আলোচনাও করা হয়েছে।
বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির আরামবাগ শাখার সম্পাদক স্বপন কর্মকার বলেন, ধনতেরাস উপলক্ষ্যে ক্রেতারা দোকান, শোরুমে আসেন। কিন্তু, এখন রামকৃষ্ণ সেতু বন্ধ থাকায় ক্রেতাদের যাতায়াতে সমস্যা হচ্ছে। এব্যাপারে আমরা প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি রেখেছি। একইসঙ্গে নিরাপত্তার বিষয়েও পুলিশ-প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশও সহযোগিতা করছে।
আরামবাগ শহরে বহু জুয়েলারি দোকান রয়েছে। আরামবাগের লিঙ্ক রোডেও বিভিন্ন নামী সংস্থার শোরুম রয়েছে। ধনতেরাসের দিনগুলিতে প্রতি বছর সেখানে উল্লেখযোগ্য ভিড় জমে। বিগত দিনে আরামবাগ, গোঘাটে জুয়েলারি দোকানে চুরি, ডাকাতির নজির রয়েছে। তাই সেই ধরনের ঘটনা এড়াতে তৎপরতা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকান, শোরুমগুলিতে সবসময়ের জন্য পুলিশি নজরদারি থাকছে। হুগলি গ্রামীণ পুলিশের মহিলা কর্মীদের পরিচালিত উইনার্স টিমের টহলদারিও রাখা হচ্ছে। জুয়েলারি দোকানগুলিতে সিসি ক্যামেরা সক্রিয় রয়েছে কি না, পুলিশ তা আগে থেকেই খতিয়ে দেখছে। দোকানে রেজিস্টারের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। ক্রেতাদের কেউ যেন দোকানে মুখ ঢেকে না ঢোকে, সেইদিকে বাড়তি নজর রাখার কথা বলা হয়েছে। এসডিপিও জানান, জুয়েলারি দোকানগুলির আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। দোকান, শোরুমে অ্যালার্ম সক্রিয় রয়েছে কি না, তাও পুলিশ অধিকারিকদের দেখে নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আরামবাগের পাশাপাশি রাজহাটি, কামারপুকুর প্রভৃতি জায়গা মিলিয়ে বহু জুয়েলারি দোকান ও শোরুম রয়েছে। ধনতেরাসের সময় আরামবাগের পাশাপাশি ভিনজেলা থেকেও বহু ক্রেতা দোকানগুলিতে আসেন। ফলে মহকুমার রাস্তাতেও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহলদারি বাড়ানো হচ্ছে। • বাড়তি নজরদারি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ