নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মা মনসার স্বপ্নাদেশ পেয়ে শুরু হয়েছিল সয়লা উৎসব। শনিবার ১২ বছর পর ফের আরামবাগের দক্ষিণ বাদলকোণায় সয়লা উৎসব উপলক্ষ্যে বহু মানুষ ভিড় জমায়। পুজো শেষে সই পাতানোর রীতি এখনও সমান তালে চলে আসছে। একে অপরের মঙ্গল কামনা করে মিষ্টিমুখ করেন। ফলে এদিন পুরুষ, মহিলাদের মধ্যে আট থেকে আশি প্রত্যেকেই সই পাতান। আরামবাগ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাদলকোণায় সয়লা উৎসব ঘিরে বসেছে মেলাও।
সয়লা কমিটির সম্পাদক বলরাম ঘটক বলেন, আমাদের পূর্ব পুরুষরা মা মনসার স্বপ্নাদেশ পেয়ে সয়লা উৎসব শুরু করেছিলেন। রীতি মেনে আমরাও একইভাবে তা পালন করে আসছি। কয়েক মাস আগে থেকে তার প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিন দূরদূরান্ত থেকে বহু মানুষ তাতে অংশ নেয়। সয়লা উৎসব উপলক্ষ্যে যাত্রা সহ না সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে আগামী কয়েকদিনে।
কমিটি সূত্রে জানা গিয়েছে, আরামবাগ পুরসভার ১০, ১১ ও ১৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকার বাসিন্দারা মিলে সয়লা উৎসবের আয়োজন করেন। তাঁদের আর্থিক অনুদানেই উৎসব বড় আকার নিয়েছে। রীতি অনুযায়ী এদিন দক্ষিণ বাদলকোণার সয়লাতলায় মা মনসার পুজো হয়। তবে এখানে দেবীর মূর্তি হয় না। পুজো শেষে প্রণাম করেন ভক্তরা। তারপরই সই পাতানোর রীতি মানা হয়।
সই পাতালে সোলার মালা পরিয়ে দেন একে অপরকে। তারসঙ্গে দেবীর পুজোর ডালাও ঠেকানো হয় মাথায়। মিষ্টি মুখ করিয়ে সই পাতানোর রীতি রয়েছে। এখানে বয়সের কোনও মাপকাঠি নেই। সকলেই সই পাতানো উৎসবে শামিল হয়। পুজো দেখতে আসা স্নেহা সোম, রিঙ্কু দাস বলেন, রীতি মেনে ডালা ঘুরিয়ে, মালা পরিয়ে মিষ্টি মুখ করে সই পাতিয়েছি। অনেকে আগে থেকে সই ঠিক করে আসেন। অনেকে আবার এখানে এসেও সই পাতান। এতে নতুন সম্পর্ক তৈরি হয়।