নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর-কাণ্ডে বিতর্কের জেরে এবার এএসআই অনুপ দত্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল কলকাতা পুলিস। তাঁর বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দু’বছর তিনি কোনও ইনক্রিমেন্ট পাবেন না। আর জি কর বিতর্কে নাম জড়ায় কলকাতা পুলিসের চতুর্থ ব্যাটালিয়নের এই পুলিস অফিসারের। মামলার তদন্তভার নেওয়ার পর সিবিআই তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছিল। এরপরই কলকাতা পুলিস বিভাগীয় তদন্ত শুরু করে। সেই তদন্তের রিপোর্টেই অনুপ দত্তের বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ করার সুপারিশ করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। উল্লেখ্য, আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক সঞ্জয় রায়ের বক্তব্যের ভিত্তিতে সিবিআইয়ের গোয়েন্দারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন এই এএসআই-কে। অভিযোগ ছিল, আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের পর সঞ্জয় রায় এই অনুপ দত্তের কোয়ার্টারেই আশ্রয় নিয়েছিল। কলকাতা পুলিসের একটি সূত্র জানাচ্ছে, আদতে বালুরঘাটের ভূমিপুত্র অনুপ দত্তের বিরুদ্ধে কলকাতা পুলিসের শীর্ষকর্তাদের নির্দেশে গত ২১ আগস্ট বিভাগীয় তদন্ত শুরু করেন ডিসি (চতুর্থ ব্যাটালিয়ন)। গত ১০ জানুয়ারি রিপোর্ট পেশ করেন কলকাতা পুলিসের ডিসি (চতুর্থ ব্যাটালিয়ন) অরিন্দম সরকার। তারপরই এই আর্থিক শাস্তির খাঁড়া নেমে আসে বিতর্কিত পুলিস অফিসারের উপর।



