নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝ ফাল্গুনেই গরমের দাপটে নাজেহাল শহরবাসী। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে পরিস্থিতি আরও খারাপ। ক্রমেই বাড়ছে তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখনই আর তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তাই যাথারীতি উষ্ণই থাকবে দক্ষিণবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। চলতি সপ্তাহে উত্তরের চার জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৮ এবং ৯ মার্চ এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এর জেরে চলতি সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপামাত্রা।
Advertisement
আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। এদিন শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।



