যাত্রীদের থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ, ধৃত অ্যাপ ক্যাব চালক
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে এন্টালি থানার পামার বাজারে। ক্যাব চালক কুলদীপ সিং যাদবকে শনিবার পামার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে এন্টালি থানা। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭ অক্টোবর সল্টলেক থেকে দুই যাত্রী একটি অ্যাপ ক্যাব বুক করেন পার্ক স্ট্রিট যাওয়ার জন্য। গাড়িতে ওঠেন দু’জন। গাড়ির চালকের বাড়ি পামারবাজার এলাকায়। সেখানে আসতে তিনি যাত্রীদের বলেন, বাড়ি থেকে টিফিন তুলে নিয়ে আসছেন। তাই দু’ মিনিটের জন্য দাঁড়াচ্ছেন। এক যাত্রী বলেন, তাঁদের পৌঁছতে দেরি হয়ে যাবে। আর গাড়ি তো মাঝপথে দাঁড়ানোর কথা ছিল না। এই নিয়ে চালকের সঙ্গে দুই যাত্রীর ঝগড়া শুরু হয়। অভিযোগ, এই সময় চালক পাড়া থেকে তাঁর বন্ধুদের মোবাইলে ডেকে পাঠান। তাঁরা এলে চালক যাত্রীদের ভয় দেখান এবং নগদ ৪৫০০ টাকা ছিনতাই করেন বলে অভিযোগ। ওই যাত্রীরা প্রথমে তপসিয়া থানায় অভিযোগ করেন। কিন্তু এলাকাটি এন্টালির মধ্যে পড়ায় তপসিয়া থানা জিরো এফআইআর করে তা পাঠিয়ে দেয় এন্টালি থানায়। বুকিংয়ের সূত্র ধরে অ্যাপ ক্যাবটি চিহ্নিত করে পুলিশ। কোম্পানির সঙ্গে যোগাযোগ করে চালকের মোবাইল নম্বর পান তদন্তকারীরা। সেই সূত্র ধরে পামারবাজারে তল্লাশি চালিয়ে শনিবার রাতে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে পুলিশ।