Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু অ্যাপ বাইক চালকের

বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু অ্যাপ বাইক চালকের
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের দুর্ঘটনা! বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক অ্যাপ বাইক চালকের। সোমবার সকালে লেকটাউন থানার দমদম পার্ক ও বাঙ্গুরের মাঝে ভিআইপি রোডের উপর এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম দেবরাজ দাস (৩২)। উল্টোডাঙা এলাকায় তাঁর বাড়ি। ভোররাত থেকে বাইক চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গে ঘাতক বাস ও চালককে আটক করেছে লেকটাউন ট্রাফিক গার্ডের পুলিস। এই মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত, এই নিয়ে গত ১৫ দিনে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে পরপর তিনজনের মৃত্যু হল।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ভোররাত ৩টে থেকে তিনি অ্যাপ বাইক চালাচ্ছিলেন। যাত্রী নামিয়ে এদিন সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ উল্টোডাঙায় নিজের বাড়ির দিকে ফিরছিলেন। তিনি হেলমেট পরে ছিলেন। তাঁর হাতেও একটি হেলমেট ধরা অবস্থায় ছিল। ভিআইপি রোডে একটি সাইকেলের সঙ্গে তাঁর আচমকা ধাক্কা লাগে। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার ডানদিকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে একটি বাস উল্টোডাঙার দিকে যাচ্ছিল। দেবরাজ বাসের মাঝখানে পড়ে যান। পিছনের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সিসি ক্যামেরার ফুটেজেও দুর্ঘটনার ছবি দেখা গিয়েছে।
গত ৫ এপ্রিল সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে বাসের পিছনের চাকায় পিষ্ট  হয়ে এক আইটি কর্মী তরুণীর মৃত্যু হয়েছিল। তিনি বাড়ি থেকে অফিস যাচ্ছিলেন। বাস থেকে নেমে রাস্তা পার করছিলেন। সেই সময় একটি বাসের ধাক্কায় তিনি পিছনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার একদিন পরই চিংড়িঘাটা মোড়ে সরকারি বাসের ধাক্কায় এক স্কুটার আরোহীর মৃত্যু হয়। ইএম বাইপাসে ওঠার মুখে ধামাখালি রুটের একটি বাস স্কুটারটিকে ধাক্কা দেয়। চালক বাঁদিকে পড়েন। আরোহী ডানদিকে ছিটকে পড়লে বাসের পিছনের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সোমবার ফের বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল অ্যাপ বাইক চালকের। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ