পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিন। এই আবহে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গায়িকা অন্বেষার কন্ঠে দু’টি গান— ‘চুপি চুপি’ ও ‘ঝুমে রে ফাগুন’। সোহম মজুমদারের কথায় দু’টির গানের প্রথম মৌলিক গানটিতে চেনা ছন্দেই ধরা দিয়েছেন অন্বেষা। গানটি এই বছর দুর্গাপুজোয় মুক্তি পেলেও বেশ কয়েক বছর আগে গেয়েছিলেন গায়িকা। অন্যদিকে একেবারে অন্য আঙ্গিকে ধরা দেবেন অন্বেষা ‘ঝুমে রে ফাগুন’ গানটিতে। পুজোর আবহে মুক্তি পাওয়া এই গানটির ভিডিয়োতে শুধুমাত্র গান নয়, নাচেও সমান পারদর্শিতা দেখিয়েছেন গায়িকা। ‘এই ধরনের গান গাইতে পারলে আমার নিজের ভালো লাগে। নিজেকেও মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জ করতে হয়। একদম বিপরীত স্বাদের দু’টি গান, একই দিনে মুক্তি পেল এটা একজন শিল্পী হিসাবে আমার কাছে প্রাপ্তি’, বললেন অন্বেষা। পাশাপাশি মিউজিক কম্পোজারদ্বয় শিলাদিত্য চৌধুরী এবং সোম চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরিন্দর ফিল্মসের কর্ণধার সুরিন্দর সিং-সহ এই অ্যালবামের সঙ্গে জড়িত সকলেই।



