ফের বিশ্বমঞ্চে পুরস্কৃত পরিচালক অনুপর্ণা রায়। ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অনুপর্ণার দ্বিতীয় ফিচার ফিল্ম ‘লাভার্স ইন দ্য ব্লু নাইট’ জিতে নিয়েছে সেরা এশীয় ছবির সম্মান ‘নেটপ্যাক অ্যাওয়ার্ড’। গত বছর ‘সংস অব ফরগটেন ট্রিজ’ ছবির হাত ধরে ভেনিসের মঞ্চে ডেবিউ অনুপর্ণার। সেরা পরিচালকের খেতাব জিতেছিলেন তিনি। পুরুলিয়ার মেয়ে অনুপর্ণার দ্বিতীয় ছবির বিষয় অভিবাসন। নিঃসঙ্গতা, টিকে থাকার সংগ্রামে চারটি জীবন কীভাবে জড়িয়ে তা ফুটিয়ে তুলেছেন পরিচালক। তাঁর কথায়, ‘আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি থেকে ছবিটা তৈরি করা। যে চরিত্রগুলিকে আমি দেখিয়েছি, তারা প্রতি মুহূর্তে আমাদের সমাজে অবহেলার শিকার। আমি তাদের সততার সঙ্গে পর্দায় তুলে ধরতে চেয়েছি।’



