নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকা নিয়ে বৃহস্পতিবার দলের গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যায়নি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে। বৈঠকে দলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বীরভূম জেলা তৃণমূলের যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে কোর কমিটি।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকা নিয়ে বৃহস্পতিবার দলের গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যায়নি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে। বৈঠকে দলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বীরভূম জেলা তৃণমূলের যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে কোর কমিটি।
ভুয়ো ভোটার ইস্যুতে কয়েকদিন ধরে সরগরম বাংলার রাজনৈতিক মহল। ওই সূত্রেই ভুয়ো ভোটার খুঁজতে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই বিষয়ে বৃহস্পতিবার তৃণমূল ভবনে একটি বৈঠক ডাকেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বৈঠকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের উপস্থিত থাকার বার্তা আগেই দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে, বৈঠকে আসেনি অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা ও সুদীপ্ত ঘোষ। ২৭ ফেব্রুয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়ে বেশকিছু বার্তা দেন। তারপর বৃহস্পতিবারের বৈঠকটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেখানেই অনুপস্থিত কেষ্ট! এনিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। জেলায় ‘অন্য কাজে’ ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি বলে দাবি করা হয়েছে। তবে বীরভূম জেলার তরফে বৈঠকে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ (রানা), কাজল শেখ, বিকাশ রায়চৌধুরী প্রমুখ। সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানিয়ে দেন, কোর কমিটির সিদ্ধান্তেই চলবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। তাই ভোটার তালিকা স্ক্রুটিনির কাজে রাজ্য থেকে বীরভূমে কাউকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে না। অন্যদিকে, বীরভূম জেলার একাধিক নেতা কোর কমিটির বৈঠক দ্রুত চান। তাঁদের দাবি, সকলের উপস্থিতিতে আলোচনার মধ্যে দিয়েই গৃহীত হোক যাবতীয় সিদ্ধান্ত।