Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আন্তর্জাতিক ফৌজদারি আদালতের উপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ফৌজদারি আদালতের উপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি: প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই কার্যত গোটা বিশ্বের উপর ছড়ি ঘোরাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক চাপিয়ে বাণিজ্য যুদ্ধের শুরু থেকে পানামা খালের দখল নেওয়ার হুঁশিয়ারি। মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের তাঁদের নিজের দেশে ফেরত পাঠানো কিংবা আমেরিকার সীমানা দিয়ে অনুপ্রবেশ আটকানো। সবটাই কঠোর হাতে নিয়ন্ত্রণ করছেন তিনি। দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়ে একাধিক সাহসী পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। এবার আরও বড় পদক্ষেপ গ্রহণ করেছেন রিপাবলিকান নেতা।
Advertisement
আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (স্থানীয় সময়) এমনই একটি বিষয়ে নির্দেশিকা জারি করেন তিনি। যার ফলে কার্যত হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে। বেশ কয়েকদিন ধরেই খবর রটছিল ট্রাম্প বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন আন্তর্জাতিক ফৌজদারি আদালতের উপর। এদিন সেই খবরেই সিলমোহর পড়েছে। ট্রাম্পের অভিযোগ, আমেরিকার বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। এমনকী আমেরিকা ঘনিষ্ঠ ইজরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ করে আইসিসি। গাজায় যুদ্ধের ফলে মানবাধিকার আইন লঙ্ঘন করেছে ইজরায়েল। এই অভিযোগে কয়েক মাস আগেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। তারপর থেকেই আইসিসির বিরুদ্ধে বেজায় চটে ছিলেন নেতানিয়াহু। গত মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। সূত্রের খবর, ট্রাম্প আন্তর্জাতিক ফৌজদারি আদালতের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য, আইসিসির সকল আধিকারিক, কর্মচারী এবং তাঁদের পরিবারের সব সদস্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো নির্দেশ। এমনকী আন্তর্জাতিক ফৌজদারি আদালতের আধিকারিক ও কর্মচারীদের মার্কিন মুলুকে ভ্রমণের উপরও নিষেধাজ্ঞাও জারি করেছেন ট্রাম্প। এর আগে আইসিসির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে এবার আরও বড়সড় পদক্ষেপ গ্রহণ করলেন তিনি। আইসিসি একটি আন্তঃসরকারি, আন্তর্জাতিক আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত। অন্যদিকে, ট্রাম্পের এই পদক্ষেপ প্রসঙ্গে এখনও পর্যন্ত কিছুই জানায়নি আন্তর্জাতিক ফৌজদারি আদালত।
Advertisement
সম্পর্কিত সংবাদ