সংবাদদাতা, কাটোয়া: ভোটের দিন এখনও ঘোষণা হয়নি। তবে বসে নেই নীচুতলার কর্মীরা। কাটোয়া, কেতুগ্রামজুড়ে শুরু হয়েছে দেওয়াল লিখনের লড়াই। শাসকদলের পাশাপাশি সিপিএম, বিজেপি কর্মীরা রাত জেগে দেওয়াল লিখনের কাজ করছেন। নানা ইস্যুকে সামনে রেখে দেওয়ালযুদ্ধ চলছে।
রাজ্যের শাসক দল তৃণমূল লিখছে, ‘যতই করো হামলা, এবার জিতবে বাংলা।’ কোথাও আবার লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে দেওয়াল লিখন চলছে। আবার নানা কার্টুন চরিত্র এঁকে দেওয়ালে বিরোধী দলকে খোঁচা দেওয়া হয়েছে। পালটা বিজেপি লিখছে, ‘বাঁচতে এবার বিজেপি তাই।’ সিপিএম লিখেছে, ‘বঙ্গজুড়ে জাতপাতের রাজনীতি বন্ধ করতে সিপিএমকে পুনরুত্থান করুন।’ কাটোয়া, কেতুগ্রামজুড়ে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই কর্মীরা দেওয়াল লিখন করছেন।কেতুগ্রামের পাণ্ডুগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি লক্ষ্মণ মণ্ডল বলেন, ভোটের আর বেশিদিন বাকি নেই। নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে দলের কর্মীরা প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন। তাই এখন থেকেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। কাটোয়া বিধানসভার বিভিন্ন এলাকায় আগে থেকেই বিভিন্ন দেওয়ালে চুনকাম করে রেখেছিলেন শাসকদলের নেতা-কর্মীরা। এখন রাত জেগে কর্মীরা দেওয়াল লিখছেন। পানুহাট, আদর্শপল্লি এসব জায়গায় দেওয়াল লিখন চলছে। পাশাপাশি এলাকায় বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কর্মীরা। ছোটো ছোটো ঘরোয়া বৈঠক করে দলীয় কর্মীদের রূপরেখা ঠিক করে দেওয়া হচ্ছে। তাছাড়া প্রতিটি বুথে ছোটো ছোটো বৈঠক করে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার কৌশল বলা হচ্ছে।পিছিয়ে নেই বিরোধীরাও। বিজেপি, সিপিএম কর্মীরাও পাল্লা দিয়ে দেওয়াল লিখছেন।



