নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বৃহস্পতিবার ভোটের দিন রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আহমদপুরের ভ্রমরকোল গ্রাম। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার ছেলের গাড়ি ভাঙচুর এবং দলীয় পদাধিকারীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইটের ঘায়ে মাথা ফেটেছে বিজেপি প্রার্থীর নির্বাচনি এজেন্ট সহ দুই নেতার। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, বাইরে থেকে এলাকায় অশান্তি পাকাতে গিয়েছিলেন বিজেপি নেতারা। বাসিন্দারা প্রতিরোধ করেছেন। বিজেপির পালটা অভিযোগ, ভয় দেখাতে তৃণমূল এলাকায় সন্ত্রাস চালিয়েছে। এদিন বিকেলে কীর্ণাহারের ঠিবা পঞ্চায়েতের কাজিপাড়া গ্রামে বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ। প্রার্থীকে মারধরের চেষ্টা করা হয়। প্রার্থী, তাঁর দেহরক্ষী ও এক পুলিশকর্মী জখম হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার ছেলে বিশ্বরূপ ওঝা একটি গাড়িতে করে ভ্রমরকোল এলাকায় ঘুরছিলেন। সঙ্গে ছিলেন ৪নম্বর মণ্ডলের সভাপতি সুদীপ ঘোষ, প্রার্থীর নির্বাচনি এজেন্ট তথা বোলপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল। অভিযোগ, ৬৮নম্বর বুথের সামনে পৌঁছাতেই তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। সেই সময় গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। তাতে গুরুতর জখম হন বিশ্বজিৎ মণ্ডল ও সুদীপ ঘোষ। দু’জনেরই মাথা ফেটে যায়। তাঁদের উদ্ধার করে দ্রুত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বিশ্বরূপকে চিকিৎসার জন্য বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশ্বজিৎবাবুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।



