Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খাদ্যসামগ্রী ‘তছরুপ’, দাঁতনে রেশন ডিলারের বাড়িতে দুর্নীতি দমন শাখা

খোদ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের এলাকায় এক রেশন ডিলারের বাড়িতে হানা দিল জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

খাদ্যসামগ্রী ‘তছরুপ’, দাঁতনে রেশন ডিলারের বাড়িতে দুর্নীতি দমন শাখা
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: খোদ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের এলাকায় এক রেশন ডিলারের বাড়িতে হানা দিল জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। মঙ্গলবার ওই রেশন ডিলারের বাড়িতে হানা দিয়ে বেশকিছু নথিপত্র নিয়ে যান বলে জানা গিয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ লক্ষ টাকার রেশন সামগ্রী কারচুপি করা হয়েছে।দাঁতন থানার তররুই এলাকায় ডিলার নিমাই বেরার বিরুদ্ধে রেশনের সামগ্রী গায়েব করার অভিযোগ উঠেছে। চলতি বছরের গত এপ্রিল মাসে বিষয়টি খাদ্য দফতরের নজরে আসে। এরপর খাদ্যদপ্তরের অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, প্রায় ১৫লক্ষ টাকার খাদ্যসামগ্রী নয়ছয় করা হয়েছে। জুলাই মাসে খাদ্যদপ্তরের পক্ষ থেকে দাঁতন থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রায় ১৯৪ কুইন্টাল চাল, ১৪৫কুইন্টাল আটা, চিনি ও অন্যান্য সামগ্রী তছরুপের অভিযোগে দাঁতন থানায় এফআইআর করা হয়। মঙ্গলবার সেই তছরুপের ঘটনায় তদন্তে দাঁতনে আসেন জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এদিন তাঁরা গ্রামে গিয়ে বঞ্চিত রেশন গ্রাহকদের সঙ্গে কথা বলেন। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়। অভিযুক্ত রেশন ডিলার নিমাই বেরাকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। বেশকিছু নথিও সংগ্রহ করেন তাঁরা। অভিযুক্ত রেশন ডিলারের দাবি, শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর ছেলে গত কয়েক বছর ধরে ডিলারশিপ চালাচ্ছেন। তাঁর ছেলে লক্ষ্মীকান্ত বেরা ওই রেশন সামগ্রী নয়ছয় করেছেন। নিমাইবাবু বলেন, গত কয়েক বছর ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। ছেলে রেশন দোকানটি চালাচ্ছিল। সে এই ধরনের কারচুপি করেছে। এবিষয়ে আমি কিছু জানি না। গত প্রায় এক বছর ধরে আমার ছেলে এলাকাছাড়া রয়েছে।

Advertisement

জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস বলেন, আমি কর্মাধ্যক্ষ হওয়ার আগে থেকেই এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন রেশন ডিলার। ১৫লক্ষ টাকা জরিমানা করেছে খাদ্যদপ্তর। বিষয়টি জানতে পেরে জরিমানার বেশিরভাগ অর্থই তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিক। দাঁতন-১ ব্লক খাদ্যদপ্তরের পরিদর্শক দীপ্তেশ মিশ্র বলেন, দপ্তরের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।- নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ