নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লেকটাউনে ফের চিকিৎসকের ফ্ল্যাটে চুরি! সেই একই কায়দায়। দুষ্কৃতীরা বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে ঢুকে লুট করে নিয়ে গিয়েছে সর্বস্ব! ওই মহিলা চিকিৎসক এ ব্যাপারে লেকটাউন থানায় লিখিত অভিযোগও করেছেন। কিন্তু, বার বার চিকিৎসকদের ফ্ল্যাটে চুরির ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। কারণ, গত ১০ দিনে লেকটাউনেই তিনজন চিকিৎসককে টার্গেট করা হল। এর মধ্যে দু’জনের ফ্ল্যাটে ঢুকে দুষ্কৃতীরা চুরি করেছে। এক চিকিৎসকের বাড়িতে চুরির চেষ্টা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পরপর যে তিনটি চুরির ঘটনা ঘটেছে, তাতে একটি সাধারণ মিল রয়েছে। তিনজন চিকিৎসকের ফ্ল্যাটই তালাবন্ধ ছিল। অর্থাৎ, দুষ্কৃতীরা রেইকি করেই এই অপরাধ করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
২৪ জুলাই লেকটাউন থানায় দু’জন চিকিৎসক চুরির অভিযোগ দায়ের করেছিলেন। দু’জনেরই লেকটাউনের বাঙ্গুর অ্যাভিনিউয়ে ফ্ল্যাট। তাঁর মধ্যে একজন চিকিৎসক সরকারি কাজে বাইরে ছিলেন। ২৩ জুলাই তিনি আবাসিকদের কাছ থেকে জানতে পারেন, তাঁর ফ্ল্যাটের মূল দরজার তালা ভাঙা। তিনি গিয়ে দেখেন, তালা ভেঙে দুষ্কৃতীরা সর্বস্ব নিয়ে পালিয়েছে। প্রায় ৫০ লক্ষ টাকার গয়না চুরি হয়েছিল। অপর এক মহিলা চিকিৎসকের ফ্ল্যাটেও চুরির চেষ্টা হয়েছিল। তিনিও ২৪ জুলাই লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। ওইদিনই তিনি প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছিলেন, তাঁর ফ্ল্যাটের তালা ভাঙা। আগের রাতে অর্থাৎ, ২৩ জুলাই তাঁর ফ্ল্যাটে দুষ্কৃতীরা এসেছিল। তবে, তিনি গিয়ে দেখেন, মূল গেটের তালা ভাঙা হলেও দুষ্কৃতীরা ভিতরে ঢুকে কিছু নিতে পারেনি। ফের এক চিকিৎসক চুরির অভিযোগ দায়ের করেছেন ৩ আগস্ট। লেকটাউনের এস কে দেব রোডে তাঁর ফ্ল্যাট। চারমাস ধরে সংস্কার চলছে। ৩১ জুলাই মিস্ত্রিরা কাজ করে চলে যান। চাবি দিয়ে যান চিকিৎসকের বাবাকে। তারপর ওই ফ্ল্যাটে কেউ ছিলেন না। ৩ আগস্ট চাবি নিয়ে ওই মিস্ত্রি ফের ফ্ল্যাটে কাজ করতে গিয়ে দেখেন, তালা ভেঙে চুরি হয়েছে। অভিযোগ, একটি সোনার কয়েন, ৩টি কানের দুল, তিনটি হাত ঘড়ি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।