নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বৃষ্টির মধ্যে একাই যাত্রী ছিলেন ৩৪ বছর বয়সি এক মহিলা। সেই সুযোগে টোটোচালক নির্জন রাস্তায় নিয়ে গিয়ে তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। কিন্তু, মহিলার প্রতিরোধে কাবু হয়ে যান ওই টোটোচালক। তাঁকে ঘুসি, লাথি মেরে কাবু করেন ওই মহিলা। তারপর অভিযুক্তের ছবি তুলে সোজা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। এক ঘণ্টার মধ্যেই এয়ারপোর্ট থানার পুলিশ অভিযুক্ত টোটোচালককে গ্রেপ্তারও করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত চালকের নাম সিদ্ধিক মোল্লা। তাঁর বাড়ি পোলেরহাট এলাকায়। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়, কলকাতা বিমানবন্দরের কাছে। ওই মহিলা এয়ারপোর্ট থানায় সাইবার প্রতারণার অভিযোগ জানিয়ে বাড়ি ফিরছিলেন। প্রবল বৃষ্টির কারণে তিনি এয়ারপোর্ট হোটেল মোড় থেকে একটি টোটোয় উঠে কৈখালিতে ফিরছিলেন। অভিযোগ, মূল রাস্তা দিয়ে কৈখালিতে না নিয়ে গিয়ে টোটোচালক এয়ার ইন্ডিয়া কোয়ার্টার্সের একটি নির্জন অংশের ভিতর দিয়ে ঘুরপথে তাঁকে নিয়ে যাচ্ছিলেন। টোটোচালক যখন কোয়ার্টার্সের পরিত্যক্ত এলাকায় ঢোকেন, তখন মহিলার সন্দেহ হয়। নির্জন জায়গায় টোটো থামতেই তিনি নেমে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় অভিযুক্ত তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং শ্লীলতাহানি করে।



