সংবাদদাতা, নবদ্বীপ: ফের রাতের অন্ধকারে নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় দোকানে চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা। তারা সেখানে একটি ইমিটেশনের দোকানে চুরির চেষ্টা করে। হরিসভা পাড়া রোডে বাইরে থাকা একটি দোকান ও বাড়ির ইলেক্ট্রিকের মিটার ভেঙে দেয়। একটি ট্যাপকলও ভাঙার চেষ্টা করে। এমনকী, একটি ওষুধের দোকানের সিসি ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শনিবার সকালে পোড়ামা মন্দির প্রাঙ্গণের এক ব্যবসায়ী দেখেন, তাঁর দোকানে চুরির চেষ্টা হয়েছে। একই ঘটনা দেখতে পান স্থানীয় হরিসভা পাড়ার ব্যবসায়ীরাও। কয়েকদিন আগেও পোড়ামাতলায় দু’টি দোকানের ক্যাশবাক্স থেকে নগদ বেশ কয়েক হাজার টাকা চুরি যায়।



