নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকায় রয়েছে সরকারি কর্মী থেকে মৃত ব্যক্তির নাম! অক্টোবর মাসে ১ কোটি ৫৪ লক্ষ মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পেলেও তাঁদের মধ্যে অযোগ্য উপভোক্তা রয়ে গিয়েছে বলেই মনে করছে রাজ্য। সেই কারণেই উপভোক্তা তালিকা খতিয়ে দেখতে রাজ্যজুড়ে পুনরায় যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। নভেম্বর মাসের টাকা দেওয়ার আগে এই যাচাই প্রক্রিয়ায় তৈরি হওয়া তালিকাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ফলে বেশকিছু নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলেই আশঙ্কা।
গত ২ নভেম্বর নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার এবং সমস্ত জেলাশাসকদের উদ্দেশে পাঠানো ওই নির্দেশে অক্টোবর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া মহিলাদের তালিকা ধরে যাচাইয়ের কথা বলা হয়েছে।
দপ্তরের নির্দেশ অনুযায়ী, সরকারি কর্মচারী, আয়করদাতা এবং মৃত ব্যক্তিদের নাম উপভোক্তার তালিকায় রয়েছে কি না, তা বিশেষভাবে খতিয়ে দেখা হবে। এই ধরনের সম্ভাব্য অযোগ্য উপভোক্তাদের একটি প্রাথমিক তালিকাও সংশ্লিষ্ট আধিকারিকদের দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র ওই তালিকার ভিত্তিতে কাউকে বাদ দেওয়া যাবে না। সরেজমিনে তদন্তের পরেই অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে পোর্টালে তাঁদের নাম বাদ দেওয়া হবে।
অযোগ্য বলে সন্দেহ রয়েছে এমন প্রাপকদের একটি প্রাথমিক তৈরি করে আধিকারিকদের দেওয়া হয়েছে। যাচাইয়ের কাজে সুবিধার জন্য এই তালিকা তৈরি করা হয়েছে বলেই এক আধিকারিক জানিয়েছেন। তবে তালিকার বাইরে অন্য অযোগ্য উপভোক্তার সন্ধান মিললেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যাচাই প্রক্রিয়া শেষ করে আজ বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
অন্যদিকে, যাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে, তাঁদের আধার সংক্রান্ত নথি সংশোধন করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। আজ, বৃহস্পতিবার পুরশুড়ার সভা থেকে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের ৭ লক্ষ ২০ হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী। যার মোট অঙ্ক ৪ হাজার ২০০ কোটি টাকা। একই সঙ্গে ভিবিজি রাম জি’র ৯০ দিনের শ্রমদিবস এবং ১২ হাজার শৌচাগার দেওয়া হবে। একই সঙ্গে তাঁর ঘোষণা দীপাবলির আগে ৮৪ লক্ষকে বার্ধক্য ভাতা এবং ১ কোটি ৬৫ লক্ষকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে।



