Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিল্পী না আসায় অনুষ্ঠান মঞ্চের সামনে গুলি ক্ষিপ্ত যুবকের, ধৃত

শিল্পী না আসায় অনুষ্ঠান মঞ্চের সামনে গুলি ক্ষিপ্ত যুবকের, ধৃত
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: শিল্পী না আসায় উদ্যোক্তাদের উপর ক্ষোভ প্রকাশ করে বিচিত্রানুষ্ঠান চলাকালীন প্রকাশ্যে গুলি ছুড়ল এক যুবক। যার জেরে ভেস্তে গেল অনুষ্ঠান। রবিবার রাতে ঘটনাটি ঘটে নোদাখালি থানার নর্থ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানে ট্র্যাক মিউজিকে গান গাওয়ার জন্য শিল্পীদের আনতে স্থানীয় যুবক শেখ মন্টুর কাছ থেকে উদ্যোক্তারা টাকা নিয়েছিল। কিন্তু অনুষ্ঠানে ওই শিল্পীরা না আসায় খেপে যায় মন্টু। তাকে ঠকানো হয়েছে ভেবে পকেট থেকে রিভলভার বের করে গুলি চালায়। যদিও গুলি মাটিতে লাগে। তবে ভয়ে ছোটাছুটি শুরু করে দেন দর্শকরা। আতঙ্কিত হয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন উদ্যোক্তারা। খবর পেয়ে বিড়লাপুর ফাঁড়ি থেকে পুলিস যায়। গুলি চালানোর অভিযোগে মূল অভিযুক্ত শেখ মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই ঘটনায় জড়িত আরও একজনকে আটক করা হয়েছে। জেলা পুলিস তিন রাউন্ড গুলি চলেছে বলে স্বীকার করেছে।

Advertisement

বজবজ দু’নম্বর ব্লকের আওতাধীন নর্থ বাওয়ালি গ্রাম পঞ্চায়েত। ওই এলাকার রুইদাস পাড়ার হাতে গোনা কিছু পরিবার শীতলা ও কালীপুজো করে। সেই উপলক্ষ্যে রবিবার রাতে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঞ্চে নাচের তালে তালে গান পরিবেশনের জন্য ট্র্যাক মিউজিকে গান গাইতে পারে এমন দু’জন বাইরের শিল্পীকে অগ্রিম টাকা দিয়ে বুক করা হয়েছিল। সেই টাকা দিয়েছিল শেখ মন্টু। অভিযোগ, নেশাগ্রস্থ অবস্থায় অনুষ্ঠান মঞ্চের সামনের চেয়ারে বসেছিল সে। কিন্তু সংশ্লিষ্ট শিল্পীরা না আসায় তাণ্ডব শুরু করে যুবক।

Advertisement
সম্পর্কিত সংবাদ