Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একমাসের সন্তান নিয়ে রোজ ৪০ কিমি দূরে যাতায়াত, ‘মানসিক চাপে’ অসুস্থ হয়ে মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মীর, শোরগোল

একমাসের সন্তান নিয়ে রোজ ৪০ কিমি দূরে যাতায়াত, ‘মানসিক চাপে’ অসুস্থ হয়ে মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মীর, শোরগোল
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: একমাস ৮ দিনের সন্তানকে নিয়ে ছুটতে হত ৪০ কিমি দূরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সিডিপিও’র কাছে আবেদন করেও ছুটি পাননি। এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে না গেলে তাঁর থেকে বেতন বন্ধের হুমকি শুনতে হয়েছে। এসব মানষিক চাপ সহ্য করতে না পেরে বীণা রায় (৪০) নামে এক অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে সোমবার প্রায় কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত হয়ে ধূপগুড়ির সিডিপিও অফিসে বিক্ষোভ দেখান। কিন্তু, সিডিপিওর বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় অঙ্গনওয়াড়ি কর্মীরা ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়ে-৪৮ এর উপর বসে পড়েন। পরবর্তীতে পুলিসের মধ্যস্থতায় তাঁরা হাইওয়ে থেকে উঠে যান। 

Advertisement

যদিও অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন ধূপগুড়ির সিডিপিও নীলাঙ্ক গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বীণা রায় ছুটির কোনও আবেদনই করেননি। তবে ওঁর হাইপ্রেসার ছিল। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওঁর বাবা-মা দাদা, সকলেই হাইপ্রেসারে মারা গিয়েছেন। তবে এক্ষেত্রে মেডিক্যাল রিপোর্ট না আসলে কিছু বলা যাচ্ছে না।
ধূপগুড়ি মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জনপাঠ এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী বীণা রায়ের আগে ধূপগুড়ির গারখুটা এলাকায় হেল্পারের কাজ করতেন। পদোন্নতি হয়ে চামূর্চি চেক পোস্টের ৪ নম্বর সেন্টারে ওয়ার্কারের দায়িত্ব নেন। প্রসূতি অবস্থায় নিজের এলাকায় ট্রান্সফারের দাবি জানালে সিডিপিও গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। ফলে সন্তান হওয়ার পর সেই সদ্যজাতকে নিয়ে ৪০ কিমি দূরে যেত হতো তাঁকে। একাধিকবার সিডিপিওকে বিষয়টি বললে তিনি বেতন বন্ধের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন মৃতার স্বামী পিঙ্কু রায়। তিনি বলেন, একমাস ৮দিনের বাচ্চাকে নিয়ে এত দূরে যাতায়াত করত। শনিবার রাতে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে ফিরে এসে অসুস্থ বোধ করে। রাতে তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরিবারের দাবি, মানসিক চাপের কারণে তাঁর মৃত্যু হয়েছে। 
অঙ্গনওয়াড়ি কর্মী বাসন্তী দাস বলেন, সিডিপিওর কাছে ছুটির আবেদন করলে তিনি বেতন বন্ধের হুমকি দিতেন। এর জেরে বীণা মানসিক চাপে থাকতেন। ধূপগুড়ি ব্লক অঙ্গনওয়াড়ি সংগঠনের সম্পাদিকা অপর্ণা দত্ত বলেন, ছুটির আবেদন করেও ছুটি মেলেনি। এমনকি মানবিকতার কারণে পার্শ্ববর্তী এলাকায় ট্রান্সফারের উদ্যোগও নেয়নি সিডিপিও। আজকে আমরা সকলে মিলে সিডিপিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখালাম। তিনি সুদুত্তর দিতে পারিনি। সিপিডিও অফিস ঘেরাও অঙ্গনওয়াড়ি কর্মীদের। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ