নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বহু বছর আগে থেকেই ‘বন্ধু’ তালিকায় জায়গা করে নিয়েছে—‘বই’। যার পাতায় পাতায় প্রিয় লেখকের হাজার হাজার শব্দ ও অক্ষর মিশে আছে। কিছুদিন আগেই কলকাতা বইমেলায় অংশ নিয়েছিলেন ২৭ লক্ষ মানুষ। মহানগর ছাড়িয়ে এবার ‘বই উৎসব’ হতে চলেছে আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে! স্বাধীন ভারতে এই প্রথমবার পোর্ট ব্লেয়ার শহরে এই বই উৎসবের সূচনা হচ্ছে। ইংরেজি ও হিন্দির পাশাপাশি, ওই বই উৎসবে অংশ নেবে কলকাতার বহু প্রকাশনী সংস্থা। দীপপুঞ্জে মিলবে বাংলা প্রকাশনার বইও।
Advertisement
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ মার্চ বিকেল ৪টেয় পোর্ট ব্লেয়ার শহরে এই আন্দামান বই উৎসবের উদ্বোধন হবে। বহু বিশিষ্ট সাহিত্যিক ও গুণীজন সেখানে উপস্থিত থাকবেন। এই উৎসব চলবে ২৩ মার্চ পর্যন্ত। অর্থাৎ, মোট পাঁচদিন ধরে চলবে। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসবের সময় ঠিক করা হয়েছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, আন্দামানের অতুল স্মৃতি সমিতির আমন্ত্রণে এই বই উৎসবের সহযোগিতায় এগিয়ে এসেছে গিল্ড। সঙ্গে আছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। স্বাধীনতার পর এই প্রথমবার আন্দামানে বই উৎসব হবে, তাই এর অন্য আবেগ। কলকাতা থেকে অনেকেই অংশ নেবেন।
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে বলেন, আন্দামান-নিকোবর দীপপুঞ্জে অসংখ্য বাঙালি রয়েছেন। তাঁরা এখনও নিয়মিত বাংলা বই পড়েন। অনেকদিন ধরেই সেখানে একটি বই উৎসবে অংশ নেওয়ার কথা চলছিল। অবশেষে তা সফল হল। ইংরেজি ও হিন্দির পাশাপাশি, আন্দামানের বই উৎসবেও পর্যাপ্ত বাংলা বই থাকবে।