Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আর সাফল্যের পথ হারাতে নারাজ গিল

রবিবার রাতে পাঞ্জাব কিংসকে শেষ ওভারে হারানোর পর রীতিমতো উচ্ছ্বসিত শুভমান গিল। সোশ্যাল মিডিয়ায় গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন লিখেছেন, ‘ব্যাস, জিতনা হ্যায়।’

আর সাফল্যের পথ হারাতে নারাজ গিল
  • ৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: রবিবার রাতে পাঞ্জাব কিংসকে শেষ ওভারে হারানোর পর রীতিমতো উচ্ছ্বসিত শুভমান গিল। সোশ্যাল মিডিয়ায় গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন লিখেছেন, ‘ব্যাস, জিতনা হ্যায়।’ বার্তা স্পষ্ট, বাকি ম্যাচগুলিতে আর পিছন ফিরে তাকাতে নারাজ তিনি। আসলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পাঞ্জাবের বিরুদ্ধে এই জয় অনেকটাই বাড়িয়েছে আত্মবিশ্বাস। গিলের কথায়, ‘আরও আগে জিততে পারলে ভালো হত। তবে দু’পয়েন্ট অমূল্য। জানতাম, এই পিচে ১৫-১৬ ওভারের মধ্যে রান তাড়া করা সম্ভব নয়। সেট ব্যাটারকে শেষ পর্যন্ত থাকা জরুরি ছিল। ওয়াশিংটন সুন্দরের শেষ পর্যন্ত টিকে থাকা আমাদের পক্ষে সৌভাগ্যের।’

Advertisement

মাত্র ২৪ রানে চার উইকেট নেওয়া জেসন হোল্ডার বলেছেন, ‘কৃতিত্ব প্রাপ্য মহম্মদ সিরাজ ও কাগিসো রাবাডার। ওরা অসাধারণ বল করেছে। ফলে আমার কাজটা সহজ হয়ে উঠেছিল। আসল ব্যাপার হল, বিপক্ষ ব্যাটারদের চাপে রাখা। যাতে রান না ওঠে।’ এক বল বাকি থাকতে ছক্কা মেরে যিনি জেতালেন, সেই সুন্দরের মতে, ‘এই পিচে অঙ্ক কষে ব্যাট করা জরুরি ছিল। বাউন্ডারি আসছিল না। ফিল্ডিং দেখে খেলেছি। উলটোদিকে থাকা আর্শাদ খানকে বলেছিলাম, ব্যাটিং উপভোগ করতে।’ পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার হতাশার সুরে বলেছেন, ‘১৬৩ রানটা কম ছিল না। শুরুতে নতুন বলে কাজও হচ্ছিল। তবে ওদের বোলাররা পিচের সুবিধা কাজে লাগিয়েছে। পাওয়ার প্লে’তেই আমরা চার উইকেট হারিয়ে বসি। তা সামলেও লড়াইয়ের মতো পুঁজি মিলে গিয়েছিল। তবে আমরা সঠিক লেংথে বল করতে পারিনি। অবশ্য আক্ষেপের কারণ নেই। এখনও এক নম্বরেই রয়েছি। এই পরাজয় থেকে শিক্ষা নেব।’

সম্পর্কিত সংবাদ