• অনন্যা পান্ডের সামনে নতুন চ্যালেঞ্জ। এবার আইনজীবীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। তবে এই ধরনের চরিত্র তাঁর কেরিয়ারে প্রথম নয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অবলম্বনে তৈরি হয়েছে ‘কেশরী চ্যাপ্টার ২’। সদ্য এই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। প্রথম ঝলকেই অক্ষয় কুমার দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবার প্রকাশ্যে এল ছবির অন্য চরিত্রদের লুক। আগেই জানা গিয়েছিল, এই ছবিতে অক্ষয় ছাড়াও থাকবেন আর মাধবন ও অনন্যা পান্ডে। শোনা যাচ্ছে, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেশরী’ ছবির সিক্যুয়েলে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন অনন্যা ও মাধবন। শুক্রবার প্রকাশ্যে এল আইনজীবী রূপে অনন্যার লুক। অভিনেত্রীর এই ভিন্টেজ লুক ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এর আগে ‘ড্রিম গার্ল ২’ ছবিতেও আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল অনন্যাকে। ফের কোর্টরুমে কেমন লাগবে তাঁকে, তার উত্তর মিলবে প্রেক্ষাগৃহে।



