প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অভিনে্ত্রী অনন্যা পান্ডে ও লক্ষ্য। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি। ধর্মা প্রযোজনা সংস্থার এই ছবির নাম চাঁদ মেরা দিল। আজ, ১৫ মার্চ থেকে ছবির শ্যুটিং শুরু হল। শোনা যাচ্ছে, প্রথম শিডিউলের শ্যুটিং হবে পুনেতে।চলতি বছরের শুরু থেকেই ছবির যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছিল।গত বছর নভেম্বরে করণ জোহর প্রকাশ্যে আনেন, লক্ষ্য ও অনন্যা জুটি বাঁধছেন এই সিনেমায়। দুই কলেজ পড়ুয়ার প্রেমের গল্পই উঠে আসবে বিবেক সোনি পরিচালিত এই ছবিতে।কলেজের সমস্ত দৃশ্যের শ্যুট হবে পুনেতে। তারপর মুম্বইতেও বেশ কিছু গুরুত্বপূণর্ণ দৃশ্যের শ্যুট হবে বলে খবর। করণের হাত ধরেই বলিউডে ডেবিউ করেছিলেন অনন্যা ও লক্ষ্য। ২০১৯ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন চাঙ্কি পান্ডের কন্যা। চাঁদ মেরা দিল-এর মাধ্যমে ফের কলেজ জীবনের ঘেরাটোপে ফিরবেন নায়িকা। অন্যদিকে, লক্ষ্য বলিউডে পা রাখেন অ্যাকশন ঘরানার সিনেমা কিল-এর মাধ্যমে। ফের করণের প্রযোজনা সংস্থার একটি ছবিতে কাজ করার সুযোগ পেলেন নায়ক। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যে শ্যুটিং শেষ করবেন নির্মাতারা। ছবিটি মুক্তি পাবে পরের বছর।



