Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঝরাতে হাওড়ায় সাঁতার কেটে পুকুর পেরতে গিয়ে ডুবে মৃত্যু হল মদ্যপের

শনিবার সন্ধ্যায় বেলুড়ে একটি পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল দুই কিশোরের

মাঝরাতে হাওড়ায় সাঁতার কেটে পুকুর পেরতে গিয়ে ডুবে মৃত্যু হল মদ্যপের
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার সন্ধ্যায় বেলুড়ে একটি পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল দুই কিশোরের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওইদিন গভীর রাতে হাওড়ার দালাল পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম হাবু লায়েক (৪৫)। তাঁর বাড়ি দালাল পুকুরের পিছনের বস্তিতে। রাতভর চেষ্টার পর শেষমেশ দেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিস।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ মদ্যপ অবস্থায় পুকুরে সাঁতার কাটতে নেমেছিলেন হাবু। তাঁর ইচ্ছা হয়েছিল, সাঁতরে পুকুরের ওপারে নিজের বাড়িতে পৌঁছনোর। জলে নেমে সাঁতার কেটে কিছুটা যাওয়ার পর তলিয়ে যান তিনি। সেই সময় কয়েকজন পথচারী চিৎকার শুনতে পান। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় চ্যাটার্জিহাট থানায়। দেহ উদ্ধার করতে নাকানি চোবানি খেতে হয় পুলিসকে। অন্ধকারের মধ্যে গোটা রাত পুকুরপাড়েই বসে থাকে পুলিস।  শেষমেশ বারাকপুর থেকে নিয়ে আসা হয় স্পিডবোট। তার সাহায্যেই এদিন ভোরে হাবু লায়েকের দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণেই জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। 
একইদিনে অর্থাৎ শনিবার সন্ধ্যায় বেলুড়ের ঠাকুরদাস ঘোষ স্ট্রিটের টিফিন বাজার এলাকায় ফুটবল খেলার পর পুকুরে হাত-পা ধুতে নেমে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। অঙ্কিত মিশ্র ও গুড্ডু গোঁড় নামের এই দুই কিশোরের বয়স ১৪ বছর। পুলিস সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু ফুটবল খেলার পর হাত-পা ধুতে নেমেছিল স্থানীয় ননাপুকুরে। সেই সময় পা পিছলে জলে পড়ে যায় একজন। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও জলে ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, ঘটনাটি নজরে এলেও দুই কিশোরকে বাঁচানোর মতো সাঁতার জানা কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বেশ কিছুটা সময় পর তাদের জল থেকে তোলা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। হাওড়া ও বালির পুকুরগুলিতে গত কয়েক মাসে একের পর এক কিশোর ও যুবকের ডুবে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। তাতে উদ্বিগ্ন শহরবাসী।

Advertisement
সম্পর্কিত সংবাদ